দূরত্ব বেশি দেখিয়ে বাড়তি ভাড়া আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ফেরিঘাট-গোপালদী-ঢাকা সড়কের দূরত্ব সাত কিলোমিটার বেশি দেখিয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। সম্প্রতি সিএনজির দাম বাড়ার পর ওই পথে চলাচলকারী অভিলাষ পরিবহন বাড়তি ভাড়া আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নারায়ণগঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২৭ আগস্ট ঢাকা-সিলেট নৌপথের নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিষনন্দী ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কড়িকান্দির মেঘনা নদীতে ফেরি চালু করে সওজ কর্তৃপক্ষ। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সঙ্গে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন করতে ফেরি চালু করা হয়। সওজ নারায়ণগঞ্জ কার্যালয় সূত্রে আরও জানা গেছে, ২০১১ সালের ডিসেম্বর থেকে বিষনন্দী ফেরিঘাট থেকে রাজধানীর সায়েদাবাদ পর্যন্ত অভিলাষ পরিবহন যাত্রা শুরু করে। বিষনন্দী ফেরিঘাট থেকে যাত্রাবাড়ী পর্যন্ত ৩৯ কিলোমিটার এবং গোপালদী বাজার থেকে যাত্রাবাড়ী পর্যন্ত দূরত্ব ৩৭ কিলোমিটার।
৪ অক্টোবর সরেজমিনে দেখা গেছে, অভিলাষ পরিবহনের বাসে টাঙানো ভাড়ার তালিকায় বিষনন্দী ফেরিঘাট থেকে সায়েদাবাদ পর্যন্ত ৪৭ কিলোমিটার, গোপালদী বাজার থেকে সায়েদাবাদ পর্যন্ত ৪৫ কিলোমিটার এবং আড়াইহাজার চৌরাস্তা থেকে সায়েদাবাদ পর্যন্ত ৩৭ কিলোমিটার দেখানো হয়েছে। প্রতি কিলোমিটার এক টাকা ৬০ পয়সা হারে যথাক্রমে ৭৫ টাকা ২০ পয়সা, ৭২ টাকা এবং ৫৯ টাকা ২০ পয়সা করে আদায় করা হচ্ছে। ফেরিঘাট ও গোপালদী পর্যন্ত সাত কিলোমিটার দূরত্ব বেশি দেখিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছে অভিলাষ পরিবহন কর্তৃপক্ষ।
অভিলাষ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন, ‘বাস চালিয়ে আমরা দূরত্ব মেপেছি। সেই দূরত্ব অনুযায়ী ভাড়া নেওয়া হচ্ছে। এখানে দূরত্ব কম দেখিয়ে ভাড়া বেশি আদায় করা হচ্ছে না।’ তবে দূরত্বের বিষয়ে অভিলাষ পরিবহনের ওই কর্মকর্তার দাবি নাকচ করে দিয়ে সওজের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. ছিদ্দিকুর রহমান বলেন, ‘ফেরিঘাট থেকে যাত্রাবাড়ী পর্যন্ত সড়কের দূরত্ব প্রায় ৩৯ কিলোমিটার। অভিলাষ পরিবহনে বাসের ভাড়া আদায়ের বিষয়ে আমরা কোনো কিছু জানি না।’