দূরপাল্লার বাস না চলায় ট্রেনের ওপর চাপ
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা অবরোধের দ্বিতীয় দিনেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে রাজধানী ঢাকা থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়ছে না। এ কারণে ট্রেনের ওপর যাত্রীর চাপ বেশি।
আজ বুধবার সকালে রাজধানীর গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বাস টার্মিনালে খোঁজ নিয়ে জানা গেছে, এসব টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে স্বল্প দূরত্বের গন্তব্যে কিছু বাস মাঝেমধ্যে ছেড়ে যাচ্ছে বলে জানান একাধিক পরিবহন কোম্পানির কয়েকজন কর্মী।
সকাল ১০টায় গাবতলী টার্মিনালে গিয়ে দেখা গেছে, সেখান থেকে পাটুরিয়া ফেরিঘাটের উদ্দেশে একটি লোকাল বাস ছেড়ে যাচ্ছে। বাসটির চালকের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘কাজ না করলে খামু কী? জীবনের ঝুঁকি লইয়া তাই বাইর অইছি।’
বাসের একজন যাত্রী সোহরাব হোসেন জানান, যশোর থেকে চাকরির ইন্টারভিউ দিতে ঢাকায় এসে রোববার থেকে আটকে আছেন তিনি। টাকা-পয়সা শেষ। থাকার জায়গা নেই। তাই ঝুঁকি নিয়ে বেরিয়ে পড়েছেন।
গাবতলীতে হানিফ পরিবহন ও সাকুরা পরিবহনের দুই কর্মকর্তার কাছে জানতে চাইলে তাঁরা বলেন, নিরাপত্তার কারণে পরিবহন মালিকদের নির্দেশেই তাঁদের বাস চলছে না।
সায়েদাবাদ থেকে মাঝেমধ্যে দু-একটি বাস ছাড়ছে কুমিল্লা ও দাউদকান্দির উদ্দেশে। টার্মিনালগুলোর কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যার দিকে স্বল্পপাল্লার কিছু বাস ছেড়ে যায়।
দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় ট্রেনের ওপর চাপ অনেক বেশি। যাত্রীসংখ্যাও স্বাভাবিকের চেয়ে বেশি বলে জানান বাংলাদেশ রেলওয়ের কমলাপুর স্টেশনের স্টেশন ব্যবস্থাপক শীতাংশু চক্রবর্তী। তিনি প্রথম আলোকে জানান, আজ সকাল থেকে নির্ধারিত সব ট্রেন ঢাকা ছেড়ে গেছে ও অন্যান্য স্টেশন থেকে নির্ধারিত সব ট্রেনই যথাসময়ে কমলাপুরে এসেছে। দেশের কোথাও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটার খবর নেই বলেও জানান তিনি।