দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্রীকে ছুরিকাঘাত, ছাত্র গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটে একটি বেসরকারি সংস্থার দৃষ্টিপ্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে গতকাল শনিবার এক ছাত্রের ছুরিকাঘাতে এক ছাত্রী গুরুতর আহত হয়েছে। শহরের অদূরে হাড়ীভাঙ্গায় আরডিআরএস বাংলাদেশ পরিচালিত ওই কেন্দ্রের ছাত্রী হোস্টেলের ছাদে গতকাল সকালে এ ঘটনা ঘটে।
আহত দৃষ্টিপ্রতিবন্ধী (ক্ষীণ দৃষ্টি) মিনা বেগমকে (১৪) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দৃষ্টিপ্রতিবন্ধী (ক্ষীণ দৃষ্টি) ছাত্র জাহাঙ্গীর আলমকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মিনার মা আনোয়ারা বেগম মামলা করেছেন।
ওই ঘটনার পর গতকাল বেলা দুইটায় পুনর্বাসন কেন্দ্রের হলরুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে আরডিআরএস বাংলাদেশের লালমনিরহাট কার্যালয়ের প্রকল্প ব্যবস্থাপক (স্বাস্থ্য) এরশাদুল ইসলাম লিখিত বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে গতকাল সকাল ১০টার দিকে ছাত্রী হোস্টেলের ছাদে মিনা কাপড় শুকাতে যায়। তখন জাহাঙ্গীর তাকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেন। এ সময় ছাত্রীদের চিৎকারে কেন্দ্রের কর্মীরা মিনাকে উদ্ধার করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও জাহাঙ্গীরকে হেফাজতে নিয়েছে। ইতিমধ্যে হামলার শিকার মিনা ও হামলাকারী জাহাঙ্গীরের পরিবারকে ঘটনাটি জানানো হয়েছে। মিনার চিকিৎসার দায়িত্ব নিয়েছে আরডিআরএস।
আহত মিনাকে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) আজমল হক বলেন, মেয়েটির দুই হাতে, বুকে, ঊরু ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মিনার মা আনোয়ারা বেগম হত্যাচেষ্টার অভিযোগে সদর থানায় জাহাঙ্গীরকে আসামি করে মামলা করেছেন।
আরডিআরএস সূত্রে জানা যায়, জাহাঙ্গীর লালমনিরহাট সরকারি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দেবেন। তিনি হাতীবান্ধার সিন্দুরনা গ্রামের হোসেন আলীর ছেলে। জাহাঙ্গীর ২০১০ সালের ১ মার্চ দৃষ্টিপ্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে (আবাসিক) ভর্তি হন। মিনা সদর উপজেলার দরগার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। সে আদিতমারীর সরল খা গ্রামের আফাজ উদ্দিনের মেয়ে। মিনা ২০১৪ সালের ১২ ফেব্রুয়ারি এ কেন্দ্রে (আবাসিক) ভর্তি হয়।
আরডিআরএস বাংলাদেশ-লালমনিরহাটের দৃষ্টিপ্রতিবন্ধী পুনর্বাসন প্রকল্পের রিসোর্স টিচার মুনিম হোসেন বলেন, ‘জাহাঙ্গীর অসংলগ্ন ও এলোমেলো কথা বলেছে। এ জন্য ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। তবে হামলার দায় স্বীকার করে সে (জাহাঙ্গীর) ক্ষমা চেয়েছে।’
তবে জাহাঙ্গীরের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মিনার সঙ্গে জাহাঙ্গীরের প্রেমের সম্পর্ক রয়েছে বলে কেন্দ্রের অন্য শিক্ষার্থীরা প্রচার করত। কর্তৃপক্ষ বিষয়টি জানার পর এইচএসসি পরীক্ষার পর জাহাঙ্গীরকে কেন্দ্র ছেড়ে চলে যেতে বলেছিল। কিন্তু তাঁর অন্য কোথাও যাওয়ার জায়গা নেই। ওই ক্ষোভ থেকেই তিনি মিনাকে ছুরিকাঘাত করেন।