দেওয়ানগঞ্জ ও সরিষাবাড়ীতে ৪ মামলা, আসামি ৭ শতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরে নির্বাচনী সহিংসতায় নিহত স্কুলছাত্র মাজেদ মিয়ার লাশের পাশে স্বজনদের আহাজারি। গত শনিবার দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলার শেখপাড়া গ্রাম থেকে তোলা l ছবি: প্রথম আলো
জামালপুরে নির্বাচনী সহিংসতায় নিহত স্কুলছাত্র মাজেদ মিয়ার লাশের পাশে স্বজনদের আহাজারি। গত শনিবার দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলার শেখপাড়া গ্রাম থেকে তোলা l ছবি: প্রথম আলো

জামালপুরের দেওয়ানগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলার চারটি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের সময় সহিংসতার ঘটনায় চারটি মামলা হয়েছে। গতকাল রোববার ও গত শনিবার রাতে করা মামলাগুলোতে সাত শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।
দেওয়ানগঞ্জ থানায় গতকাল সকালে করা মামলাটির বাদী কুঠারচর ইবতেদায়ি মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আসাদুজ্জামান। এতে স্থানীয় বাহাদুরাবাদ ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. শাজাহান মিয়াকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া ৪৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৫০০ জনকে আসামি করা হয়। আসামিদের বিরুদ্ধে ব্যালট ছিনতাই, পুলিশ সদস্য ও নির্বাচনী কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।
জাল ভোট দেওয়ার খবরে কুঠারচর ইবতেদায়ি মাদ্রাসা কেন্দ্রে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হামলা চালান প্রার্থী শাজাহান মিয়ার প্রায় দেড় হাজার সমর্থক। এ সময় আওয়ামী লীগের প্রার্থীর লোকজনের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। এ ঘটনায় মোট চারজন নিহত হয়। এ ছাড়া পুলিশের পাঁচ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বাকি তিনটি মামলা হয়েছে সরিষাবাড়ী থানায়। ভোটকেন্দ্র থেকে ব্যালট ও ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে করা এসব মামলায় ২০৫ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ ও এজাহারের বিবরণ অনুযায়ী, সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউপির শিশুয়া বাঘমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে শনিবার সকাল নয়টার দিকে একদল দুর্বৃত্ত ঢুকে পড়ে। একপর্যায়ে তারা দুটি ব্যালট বাক্স ও ৮০০ ব্যালটসহ নির্বাচনী সরঞ্জাম নিয়ে যায়। এ ঘটনায় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শাহেদ আলী অজ্ঞাতনামা ৭০ থেকে ৭৫ জনের বিরুদ্ধে মামলা করেন।

একইভাবে উপজেলার মহাদান ইউপির সানাকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে স্থানীয় ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী সামছুল ইসলাম ও তাঁর লোকজন একটি ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে যান বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রামেন্দ্র দেব ৬০ থেকে ৭০ জনের বিরুদ্ধে মামলা করেন। প্রার্থী সামছুলকে রাতেই গ্রেপ্তার করে পুলিশ।

এ ছাড়া উপজেলার ভাটারা ইউপির ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে ব্যালট বাক্স ও ব্যালট ছিনতাইয়ের ঘটনায় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে মামলা করেন।

মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ওসি বিল্লাল উদ্দিন।