দেওয়ানগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় আজ শুক্রবার দুই পক্ষের সংঘর্ষে গোলাপ হোসেন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দেওয়ানগঞ্জের হাতিভাঙ্গা ইউনিয়নের সবুজপুর গ্রামের ভগ্নিপতি হানিফ উদ্দিনের সঙ্গে শ্যালক গোলাপ হোসেনের পারিবারিক কলহ ছিল। ওই কলহের জের ধরে আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় শ্যালক গোলাপ হোসেন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় ঘটনাস্থল থেকে আবদুল জলিল ও আবদুল মালেক নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জের ধরে সংঘর্ষে গোলাপ হোসেন নিহত হন। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। মামলা করার প্রস্তুতি চলছে।