দেওয়ানগঞ্জে বন্য হাতির আক্রমণে দুই কৃষক নিহত
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বন্য হাতির আক্রমণে দুই কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। গতকাল বুধবার বেলা দুইটার দিকে উপজেলার পাথরের চর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক দুজন হলেন আবদুল লতিফ (৫৫) ও জহুরুল ইসলাম (৫০)। তাঁরা দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরের চর গ্রামের বাসিন্দা।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও গ্রামবাসী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ১২টার দিকে ৩০-৩৫টি বন্য হাতি ভারতীয় সীমান্তবর্তী গারো পাহাড় পেরিয়ে পাথরের চর গ্রামে ঢুকে পড়ে। হাতিগুলো সারা রাত গ্রামের বিভিন্ন ফসলের জমি ও বাগানে ঢুকে ধ্বংসযজ্ঞ চালায়। রাতেই লোকজন একত্র হয়ে মশাল জ্বালিয়ে ও ঢাকঢোল পিটিয়ে শব্দ করলেও হাতিদের তাড়ানো যায়নি। এর ফলে গতকাল দুপুর ১২টার দিকে শতাধিক গ্রামবাসী একত্র হয়ে হাতি তাড়ানোর চেষ্টা করে। হাতির পাল খেপে গিয়ে গ্রামবাসীর ওপর আক্রমণ চালায়।
পাথরের চর গ্রামের রানা মিয়া বলেন, ‘ফসল রক্ষায় গ্রামবাসী একত্র হয়ে হাতিগুলো তাড়াচ্ছিলেন। হাতির পাল প্রায় বনের দিকে ঢুকে যাচ্ছিল। হঠাৎ তারা গ্রামবাসীকে আক্রমণ করে বসে। এ সময় আবদুল লতিফ হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে এবং আক্রমণের শিকার হয়ে জহুরুল ইসলামের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ছাড়া হাতির আক্রমণে আহত হন গ্রামের আরও ১০ জন। তাঁদের মধ্যে সুরুজ্জামানের (৩৫) অবস্থা গুরুতর। তাঁকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’
দেওয়ানগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘হাতির আক্রমণে দুই কৃষকের মৃত্যুর খবর পেয়ে সেখানে গিয়েছিলাম। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত দুজনের পরিবারের সদস্যদের ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। হাতির পাল চলে গেলেও চার-পাঁচটি হাতি এখনো গ্রামের মধ্যেই রয়েছে। এ কারণে গ্রামবাসী আতঙ্কের মধ্যে রয়েছে। হাতি তাড়াতে বন বিভাগকে খবর দেওয়া হয়েছে।’