দেখার কেউ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় ঝিলের ওপর নতুন করে ঘর তৈরি করছেন প্রভাবশালীরা। গত ১৫ এপ্রিল ওই এলাকায় টিন-কাঠের দোতলা বাড়ি দেবে ১২ জনের মৃত্যু হয়। গতকাল তোলা ছবি l আশরাফুল আলম
রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় ঝিলের ওপর নতুন করে ঘর তৈরি করছেন প্রভাবশালীরা। গত ১৫ এপ্রিল ওই এলাকায় টিন-কাঠের দোতলা বাড়ি দেবে ১২ জনের মৃত্যু হয়। গতকাল তোলা ছবি l আশরাফুল আলম

কাঠ-টিনের তৈরি বাড়ি দেবে ১২ জনের মৃত্যুর রেশ না কাটতেই রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় ঝিলে আবারও এমন ঝুঁকিপূর্ণ বাড়িঘর গড়ে উঠছে। গতকাল মঙ্গলবার পর্যন্ত নতুন করে তৈরি এসব বাড়িঘর প্রশাসনের নজরে আসেনি।
গত ১৫ এপ্রিল ঝিলের পানির ভেতর তৈরি বাঁশ, কাঠ ও টিনের দোতলা বাড়িটি দেবে গিয়ে ১২ জনের মৃত্যু হয়। বাড়িটি যুবলীগ নেতা মনিরুজ্জামানের। গতকাল তাঁকে পুলিশ পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে। ওই বাড়ির আশপাশে ঝিলের ওপর বেশ কিছু ঝুঁকিপূর্ণ টিনের বাড়ি নির্মাণাধীন ছিল।
গতকাল বিকেলে সরেজমিনে দেখা যায়, মালিবাগ চৌধুরীপাড়া মাটির মসজিদ ও রামপুরা বউবাজারের মধ্যবর্তী বিশাল ঝিলের পানিতে আরও কিছু ঝুঁকিপূর্ণ বাঁশ, কাঠ ও টিনের ঘরবাড়ি গড়ে উঠেছে। ওই সব বাড়িতে নতুন টিনের বেড়া ও ছাউনি। কাঠমিস্ত্রির হাতুড়ির ঠুকঠাক শব্দ শোনা যায়।
স্থানীয় একজন বাসিন্দা প্রথম আলোকে বলেন, নতুন গড়ে ওঠা এসব ঝুঁকিপূর্ণ বাড়ির মালিকও যুবলীগ নেতা মনিরুজ্জামানের ঘনিষ্ঠ। প্রশাসনকে হাতে রেখে তাঁরা একের পর এক ঝুঁকিপূর্ণ ঘরবাড়ি গড়ে তুলছেন। তাঁদের বিরুদ্ধে কেউ মুখ খুলতেও সাহস পান না।
আরেক বাসিন্দা বলেন, কিছুদিন আগেও এঁদের একজন ঝিলের ওপর গড়ে ওঠা টিনের একটি বাড়ির তত্ত্বাবধায়ক ছিলেন। হঠাৎ করে তিনি অনেক টাকার মালিক বনে গেছেন।

মালিবাগ চৌধুরীপাড়ায় ঝিলের ওপর নতুন করে ঘর তৈরির জন্য গতকালও ঝিলের একাংশ ভরাটের কাজ করেন এক শ্রমিক l প্রথম আলো
মালিবাগ চৌধুরীপাড়ায় ঝিলের ওপর নতুন করে ঘর তৈরির জন্য গতকালও ঝিলের একাংশ ভরাটের কাজ করেন এক শ্রমিক l প্রথম আলো

এ ব্যাপারে জানতে চাইলে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, বিষয়টি তিনি জানেন না। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দিয়ে যাচাই করা হবে। সে রকম কিছু পাওয়া গেলে ঝুঁকিপূর্ণ ঘরবাড়ি তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে উপকমিশনার বলেন, এসব নির্মাণকাজ দেখার দায়িত্ব রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক)।
রাতে রাজউকের দুজন শীর্ষস্থানীয় কর্মকর্তার মুঠোফোনে যোগাযোগ করে তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
যুবলীগের নেতা রিমান্ডে: টিনের ঘর দেবে ১২ জনের মৃত্যুর ঘটনায় মনিরুজ্জামানকে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করে রামপুরা থানার পুলিশ। শুনানি শেষে মহানগর হাকিম জাকির হোসেন তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
র্যা বের অপারেশন কর্মকর্তা সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, মনিরুজ্জামান ঝিলের যে জায়গায় বাড়িটি নির্মাণ করেছিলেন, তার মালিক একজন নারী। অনেক আগে মনিরুজ্জামান জায়গাটি দখল করেছিলেন। আর বছর দেড়েক আগে ওই জায়গায় বাঁশ, টিন ও কাঠ দিয়ে বাড়ি তৈরি করে স্বল্প আয়ের লোকদের ভাড়া দেন মনিরুজ্জামান।
২০ দিন পলাতক থাকার পর গত সোমবার ভোরে কুমিল্লার নিশ্চিন্তপুর টিপরা বাজার এলাকা থেকে মনিরুজ্জামানকে গ্রেপ্তার করে র্যা ব। পরে তাঁকে রামপুরা থানায় সোপর্দ করা হয়।