দেড় কোটি টাকার দরপত্র নিয়ে আ.লীগ-যুবলীগ সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাইমচরে দরপত্র নিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের কর্মী-সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষে আহত হয়েছেন অন্তত আটজন। এ সময় একজনের পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। ভাঙচুর করা হয়েছে উপজেলা প্রকৌশল অফিস।
গতকাল সোমবার দুপুর ১২টা থেকে বেলা তিনটা পর্যন্ত উপজেলা প্রকৌশল অফিসে দেড় কোটি টাকার টেন্ডার নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
ওই অফিস সূত্রে জানা যায়, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সহায়তায় ৩০টি গভীর নলকূপ স্থাপন ও আরসিসি রাস্তা নির্মাণের জন্য এ অফিস থেকে ১৪ জুন ৪৩টি গ্রুপের কাজের দরপত্র আহ্বান করা হয়। গতকাল ছিল শিডিউল বিক্রির শেষ দিন। নিয়মানুয়ায়ী, উপজেলা প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীর অফিস থেকে শিডিউল বিক্রির কথা। কিন্তু নির্বাহী প্রকৌশলীর অফিস থেকে বিক্রির জন্য কোনো শিডিউল রাখা হয়নি।
এ অবস্থায় গতকাল সকাল থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারীর সমর্থক একদল সন্ত্রাসী উপজেলা প্রকৌশলীর অফিসে অবস্থান নেন। সেখানে যুবলীগের কর্মী-সমর্থক ঠিকাদাররা শিডিউল কিনতে এলে তাঁদের বাধা দেন তাঁরা। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। প্রায় তিন ঘণ্টা ধরে দফায় দফায় চলে এ সংঘর্ষ।
সংঘর্ষে যুবলীগের কর্মী ঠিকাদার জাহাঙ্গীর শিকদার, জুয়েল মৃধা, পলাশ, সোহাগসহ অন্তত আটজন আহত হন। সংঘর্ষে প্রতিপক্ষের সন্ত্রাসীরা জুয়েলের পায়ের রগ কেটে দেয়। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলা প্রকৌশলী প্রবীর কুমার জানান, ‘দরপত্র বিক্রির জন্য নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে পাঠানো সম্ভব হয়নি সংঘর্ষের কারণে। দুই গ্রুপের সংঘর্ষে আমার কার্যালয়ও ভাঙচুর করা হয়।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী বলেন, ‘এ নিয়ে (দরপত্র বিক্রি) তুচ্ছ ঘটনা ঘটেছে। আমরা সমাধানের চেষ্টা করছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জানান, ‘সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা শুনেছি। কিন্তু আমি এ উপজেলা থেকে আজ (গতকাল) বিদায় নিয়ে চলে যাচ্ছি। তাই কোনো ব্যবস্থা নিতে পারছি না।’