মৌলভীবাজারের জুড়ী উপজেলার হাকালুকি হাওরে বন বিভাগের উদ্যোগে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে করা সামাজিক বনায়নের মূর্তাবাগান নষ্ট হয়ে গেছে। মূর্তাগাছের মোথা যথাযথভাবে রোপণ না করা ও পরিচর্যার অভাবে বাগানের এ অবস্থা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় জলাভূমির বন পুনরুদ্ধার ও জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্পের আওতায় ২০১১-১২ ও ২০১২-১৩ অর্থবছরে বন বিভাগের জুড়ী-১ রেঞ্জের উদ্যোগে সামাজিক বনায়ন হিসেবে হাকালুকি হাওরের ২৮৫ হেক্টর জায়গায় মূর্তাবাগান করা হয়। এতে ব্যয় হয় এক কোটি ৩৬ লাখ ৮০ হাজার টাকা। মূর্তার বেত শীতলপাটি তৈরির প্রধান কাঁচামাল। এ ছাড়া মূর্তার বেতের ভেতরের নরম অংশ দিয়ে মণ্ড পাল্প তৈরি করা হয়।
নিয়ম অনুযায়ী, মূর্তাবাগানের জন্য নির্ধারিত স্থানের মাটিতে চাষ দিয়ে ৩০ সেন্টিমিটার ব্যাসার্ধের গর্ত করে ২ দশমিক ৫ মিটার দূরে দূরে মোথা রোপণ করতে হয়। প্রতিটি গর্তে তিন ভাগ মাটি, এক ভাগ পচা গোবর সার ও দুই গ্রাম করে এনপিকে (নাইট্রোজেন, ফসফরাস ও আয়রনের মিশ্রণে তৈরি) সার দিতে হয়। এ ছাড়া নিয়মিত পানি সেচসহ দু-এক মাস পর পর প্রতিটি গাছের গোড়ায় আলগা মাটি দিতে হয়। মাঝেমধ্যে আগাছা পরিষ্কার ও প্রতিবছর প্রতিটি গাছে পাঁচ কেজি করে গোবর এবং ইউরিয়া ও ফসফেট সারের মিশ্রণ দিতে হয়। জুড়ী-১ রেঞ্জের বর্তমান রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মোখলেসুর রহমান ১৮ ডিসেম্বর সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বরাবর একটি লিখিত প্রতিবেদন দেন। প্রতিবেদনে মূর্তাবাগানে কোনো গাছ নেই বলে উল্লেখ করা হয়।
প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করে রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মোখলেসুর রহমান জানান, সম্প্রতি তিনি সরেজমিনে বাগান পরিদর্শন করে সেখানে কোনো মূর্তাগাছ খুঁজে পাননি। মূর্তাগাছের মোথা ঠিকমতো রোপণ ও পরিচর্যা না করায় বাগানটি নষ্ট হয়ে গেছে বলে তিনি অভিযোগ করেন।
২০১১-২০১৩ সালের মধ্যে এই রেঞ্জে দুজন রেঞ্জ কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন। তাঁরা হলেন, এ এস এম হারুন (বর্তমানে সাময়িক বরখাস্ত) এবং শফি উদ্দিন (বর্তমানে টাঙ্গাইল বন বিভাগে কর্মরত)।