দেড় বছর পর মামলার অভিযোগপত্র
পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার দেড় বছর পর পুলিশ আদালতে দুটি মামলার তিনটি অভিযোগপত্র দাখিল করেছে। গত রোববার জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সেগুলো গ্রহণ করে বিচারকাজ শুরু করেন।
আদালত পুলিশের উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, গত বছরের ২১ নভেম্বরপুলিশ অভিযোগপত্র তিনটি আদালতে জমা দেয়। আদালতের বিচারক কুমার শিপন অভিযোগপত্র অনুযায়ী বিচারকাজ শুরু করেছেন।
পুলিশ ও আদালত সূত্র জানায়, ঘটনার পর পুলিশ বাদী হয়ে তথ্যপ্রযুক্তি আইনে একটি, পুলিশের কাজে বাধাদান করায় একটি ও ঘটনার শিকার বাবলু সাহা বাদী হয়ে আরও একটি মামলা করেন। এর মধ্যে তথ্যপ্রযুক্তি আইনে করা মামলাটির তদন্তের দায়িত্ব নেন জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তদন্ত শেষে গোয়েন্দা পুলিশ মামলাটিকে দুই ভাগে ভাগ করে দুটি অভিযোগপত্র জমা দেয়। দুটি অভিযোগপত্রেই ১০ জনকে আসামি করা হয়।
পুলিশের কাজে বাধাদানের অন্য মামলার তদন্ত করেন আতাইকুলা থানার উপপরিদর্শক (এসআই) শাহাজ উদ্দিন। এ মামলার অভিযোগপত্রে ৭৪ জনকে আসামি করা হয়। তাদের মধ্যে ২৯ জন পলাতক।
২০১৩ সালের ২ নভেম্বর সাঁথিয়া উপজেলার বনগ্রামের রাজিব সাহা ফেসবুকে হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করেছেন এমন গুজব ছড়িয়ে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।