দেড় বছরের শিশুকে ছুরি মেরে হত্যার চেষ্টা
জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে গতকাল রোববার সকালে ময়মনসিংহের নান্দাইলে ১৭ মাসের এক শিশুকে ছুরিকাঘাত করা হয়েছে। ছুরিটি শিশুর পেট এফোঁড়-ওফোঁড় করে গেঁথে যায়। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত বীথি নান্দাইল পৌরসভার দক্ষিণ চণ্ডীপাশা মহল্লার দীন ইসলামের মেয়ে। স্থানীয় ব্যক্তিরা জানান, দীন ইসলামের সঙ্গে তাঁর ফুফাতো ভাই শাহজাহানের (৩৫) জমিজমা নিয়ে বিরোধ রয়েছে।
দীন ইসলামের মা জাহেরা খাতুন অভিযোগ করেন, গতকাল সকালে তাঁর ছেলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে ১০ শতাংশ জমির ওপর ঘর তুলছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে শাহজাহান সেখানে গিয়ে দীন ইসলামকে ওই জমিতে ঘর তুলতে বাধা দেন। বাধা উপেক্ষা করে দীন ইসলাম ঘর তুলতে থাকলে শাহজাহান ছুরি নিয়ে তাঁকে ধাওয়া করেন। কাছেই দীন ইসলামের মেয়েকে তাঁদের এক আত্মীয় কোলে নিয়ে দাঁড়িয়েছিলেন। শাহজাহান কোল থেকে শিশুটিকে ছিনিয়ে নিয়ে পেটে ধারালো ছুরি ঢুকিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যান।
পেটে ছুরি ঢোকানো অবস্থায় শিশুটিকে বেলা পৌনে একটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রোপচার করে পেট থেকে ছুরি বের করা হয়েছে বলে জানায় তার মা বিউটি আক্তার।
ঘটনার পর থেকে পলাতক রয়েছেন শাহজাহান। চণ্ডীপাশা মহল্লায় গিয়ে অভিযুক্ত শাহজাহানকে পাওয়া যায়নি।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, শাহজাহানের খোঁজে পুলিশ নান্দাইল পৌর শহরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েছে। কিন্তু তাঁকে পাওয়া যায়নি।