দেড় মাসেই বাঁধ পানিতে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্মাণের দেড় মাসের মাথায় ভেঙে গেছে কুষ্টিয়ার গড়াই নদের তীর রক্ষা বাঁধের একাংশ। গতকাল হাটশ হরিপুর এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো
নির্মাণের দেড় মাসের মাথায় ভেঙে গেছে কুষ্টিয়ার গড়াই নদের তীর রক্ষা বাঁধের একাংশ। গতকাল হাটশ হরিপুর এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো

কাজ শেষ করে টাকা তুলে নিয়ে চলে গেছেন ঠিকাদার। এরপর এখনো দুই মাসও যায়নি। সেই কাজ ভেসে যাচ্ছে পানির তোড়ে। এ অবস্থা কুষ্টিয়ার গড়াই নদের তীর রক্ষা বাঁধে। গত দুই দিনে ধসে গেছে বাঁধের প্রায় ১০০ মিটার অংশ।
এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদার নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় বাঁধ ভেঙে যাচ্ছে। তবে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী কর্মকর্তা নৈমুল হকের দাবি, ‘এটা অস্থায়ী ব্যবস্থা, কিছু করার নেই। নদে পানি বেড়ে গেছে। স্রোতও বেশি। তাই বাঁধ ভেঙে যাচ্ছে। এখানে ব্লকের বিকল্প নেই।’
কুষ্টিয়া পাউবো সূত্রে জানা গেছে, গড়াই নদের তীরের চারটি ঝুঁকিপূর্ণ জায়গা চিহ্নিত করে তীর রক্ষার জন্য সংরক্ষণ বাঁধ নির্মাণের প্রকল্প নেওয়া হয়। চারটি গুচ্ছ প্রকল্পে দরপত্রের মাধ্যমে ঠিকাদারদের কার্যাদেশ দেওয়া হয়। এর মধ্যে গড়াই উৎসমুখ মহানগর ট্যাগে চার কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে এক হাজার ১২০ মিটার, হরিপুর ঘাট এলাকায় দুই কোটি ৬৮ লাখ টাকায় ৭০০ মিটার, একই এলাকায় তিন কোটি ৩০ লাখ টাকায় ৮১০ মিটার এবং ঘোড়াঘাটে তিন কোটি ৩০ লাখ টাকায় ৯০০ মিটার বাঁধ দেওয়া হয়েছে। গত ৪ এপ্রিল শুরু হয়ে কাজ শেষ হয়েছে ২৯ জুন।
ভাঙন দেখা দিয়েছে এর ৩ নম্বর প্রকল্পে। ওই অংশের কাজ করেছে স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান মালিথা ট্রেডার্স। এর মালিক রিয়াজুল ইসলাম।
নকশা অনুযায়ী, নদের পাড়ে বালু দিয়ে বাঁধ তৈরি করা হবে। তারপর বাঁধের ভেতরে খননের মাটি ফেলে রোলার দিয়ে সমান করা হবে। নদের দিকে ১:৩ অনুপাতে ২৪ মিটার ঢাল তৈরি করা হবে। এরপর ঢাল জিও টেক্সটাইলে মুড়ে দিয়ে তার ওপর বালুর বস্তা ফেলার কথা।
গত শনিবার সকাল ১০টার দিকে হঠাৎ করে হাটশ হরিপুরে মহানগর সরকারি বিদ্যালয়ের সামনে (৩ নম্বর প্রকল্প) ৫০ মিটার বাঁধ ধসে যায়। গতকাল রোববার সকালে পাশের আরও ৫০ মিটার তলিয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, ওই এলাকায় ফেলা বালুর বস্তা ফেটে বালু বের হয়ে গেছে। সেখানে আবার বালুভর্তি বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। পানির স্রোত ঠেকানোর চেষ্টা চলছে খননের কাজে ব্যবহৃত ভাসমান পাইপ দিয়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির অভিযোগ, নকশায় সম্পূর্ণ নতুন সিনথেটিক ব্যাগ (দাম প্রায় ২৪ টাকা) ব্যবহার করার কথা থাকলেও পুরোনো ব্যাগ (২/৩ টাকা) ব্যবহার করা হয়েছে। ফলে ওই বালুর বস্তা ফেটে বাঁধ নদে ধসে যাচ্ছে। পানি আরও বাড়লে বাঁধের বাকি অংশও ধসে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অভিযোগের বিষয়ে জানতে ঠিকাদার রিয়াজুল ইসলামের মুঠোফোনে গতকাল কয়েক দফায় ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়। এ জন্য তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ভাঙন এলাকায় কথা হয় গড়াই নদের তীর রক্ষা প্রকল্পের উপসহকারী প্রকৌশলী মাহমুদুল করিমের সঙ্গে। তিনি বলেন, ৮০ মিটার ভেঙেছে। তাতে পাঁচ-ছয় হাজার বালুর বস্তা তলিয়ে গেছে। ভাঙন প্রতিরোধে পুনরায় বালুর বস্তা ফেলা হচ্ছে। ভাঙন এলাকায় গড়াই নদ খননের পাইপ দিয়ে স্রোত প্রতিরোধ করা হচ্ছে।
হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নদীভাঙন প্রতিরোধ সংগ্রাম কমিটির আহ্বায়ক মুশতাক হোসেন মাসুদ অভিযোগ করেন, তিনবার ঢাকা থেকে পাউবোর কর্মকর্তা ঘুরে গেছেন। সে সময় বালুর ব্যাগ ফেলে কোটি টাকা খরচ না করে ব্লকের মতো স্থায়ী ব্যবস্থার দাবি জানানো হয়েছিল।
ভাঙনের ব্যাপারে জানতে চাইলে গড়াই নদ পুনরুদ্ধার প্রকল্প (দ্বিতীয় ধাপ) পরিচালক নাজির আহমেদ প্রথম আলোকে বলেন, ‘দেড় মাস কেন, দুই দিনেই ভেঙে যেতে পারে, আবার দুই বছরও টিকতে পারে। এটা স্রোত ও পানির উচ্চতার ওপর নির্ভর করে।’ তিনি দাবি করেন, বালুর বস্তাগুলো নতুন ছিল।