দেড় লাখ ইয়াবা বড়িসহ মিয়নমারের নাগরিক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ থেকে গত সোমবার গভীর রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে দেড় লাখ ইয়াবা বড়ি ও একটি নৌকাসহ রাহমত উল্লাহ (২২) নামে মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে। তাঁর বাড়ি মিয়ানমারের মংডু শহরের ডেইলপাড়া গ্রামে।

>‘মাদক চোরাচালান চক্রের সদস্যরা এখন মাছ ধরার জেলে বেশে নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার চালান পাচার করছে। প্রতিদিন কোনো না কোনো পয়েন্ট দিয়ে পাচারকালে ইয়াবার চালান আটক করা হচ্ছে’

বিজিবির ভাষ্যমতে, মাদক চোরাচালান চক্রের সদস্যরা এখন মাছ ধরার জেলে বেশে নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার চালান পাচার করছে। প্রতিদিন কোনো না কোনো পয়েন্ট দিয়ে পাচারকালে ইয়াবার চালান আটক করা হচ্ছে।
বিজিবি সূত্র জানায়, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান বাংলাদেশে পাচার হচ্ছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে ৪২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. জাফরুল হকের নেতৃত্বে একটি বিশেষ দল টেকনাফ পৌরসভার খানকার ডেইল-সংলগ্ন ১ নম্বর স্লুইসগেটের আবদুল গফুর শরীফের চিংড়িঘেরে অবস্থান নেয়। রাত দেড়টার দিকে মিয়ানমার থেকে একটি নৌকা এসে বেড়িবাঁধে ভেড়ানোর পর বিজিবির সদস্যরা থামানোর সংকেত দিলে তিন-চারজন পাচারকারী নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় ও একজন পাচারকারী একটি ব্যাগ নিয়ে বেড়িবাঁধের ওপর দিয়ে পালানোর চেষ্টা চালায়। বিজিবির সদস্যরা তাকে ধাওয়া করে ব্যাগসহ আটক করে। ওই ব্যাগের ভেতর থেকে দেড় লাখ ইয়াবা বড়ি পাওয়া যায় এবং নৌকাটি জব্দ করা হয়।
মেজর মো. জাফরুল হক প্রথম আলোকে বলেন, মাছ ধরার জেলে বেশে ইয়াবার চালানটি টেকনাফে পাচার করা হচ্ছিল। জব্দ করা ইয়াবার মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা। আটক ব্যক্তিকে থানা-পুলিশে সোপর্দ করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার বলেন, ইয়াবা উদ্ধারের ঘটনায় আটক মিয়ানমারের নাগরিকের বিরুদ্ধে মাদক ও বৈদেশিক আইনে দুটি মামলা করা হয়েছে। ইয়াবার এ চালানের প্রকৃত মালিককে চিহ্নিত করার জন্য রাহমত উল্লাহকে আদালতে সোর্পদ করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।