দেড় শ শিক্ষকের ব্যাংক হিসাব থেকে ১২ লাখ টাকা গায়েব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংক রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ শাখার কর্মকর্তাদের বিরুদ্ধে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের দেড় শতাধিক শিক্ষকের বেতনের ১২ লাখ টাকা গায়েব করার অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে শিক্ষকদের বিরুদ্ধে পাল্টা অতিরিক্ত টাকা উত্তোলনের অভিযোগ এনেছে ব্যাংক কর্তৃপক্ষ।
উপজেলার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০-৩০ জন শিক্ষক জানান, তাঁরা সোনালী ব্যাংকের ভবানীগঞ্জ শাখা থেকে নিয়মিত বেতনের সরকারি অংশের টাকা উত্তোলন করে আসছেন। চলতি ফেব্রুয়ারি মাসে ব্যাংক থেকে টাকা উত্তোলনের জন্য বিল জমা দেওয়া হয়। পরে বেতনের টাকা ওঠানোর জন্য তাঁরা চেক জমা দিলে ব্যাংক কর্তৃপক্ষ পুরো টাকা দিতে অস্বীকৃতি জানায়। তাঁদের হিসাবে ওই পরিমাণ টাকা জমা নেই বলে জানানো হয়।
শিক্ষকেরা টাকা না থাকার বিষয়ে ব্যাখ্যা চাইলে ব্যাংক কর্তৃপক্ষ জানায়, তাঁরা ২০০৯ থেকে ২০১১ সালের মধ্যে অতিরিক্ত আট হাজার টাকা উত্তোলন করেছেন। কীভাবে টাকা উত্তোলন করা হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। এ নিয়ে শিক্ষকেরা চ্যালেঞ্জ করলে তাঁদের অভিযোগের বিষয় খতিয়ে দেখা হবে বলে জানিয়ে ফেরত পাঠানো হয়। সমস্যার শুরু আগে হলেও গত জানুয়ারি মাসে এ বিষয়ে তাঁদের কিছুই জানায়নি ব্যাংক।
ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এরশাদ আলী জানান, তাঁকে বেতনের পুরো টাকা দেওয়া হয়নি। তিনি বলেন, ‘বেতনের অতিরিক্ত টাকা ওঠানোর প্রশ্নই আসে না।’ প্রতি মাসে যে পরিমাণ বেতন পান, কেবল সেই পরিমাণ টাকাই উঠিয়েছেন বলে জানান তিনি।
নন্দনপুর টেকনিক্যাল কলেজের শিক্ষক নার্গিস সুলতানা জানান, বেতনের অতিরিক্ত টাকা না ওঠালেও তাঁকে চলতি মাসে আট হাজার টাকা কম দেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ব্যাংকের কয়েকজন দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার দেড় শতাধিক শিক্ষকের ব্যাংক হিসাব থেকে আট হাজার টাকা করে গায়েব হয়েছে। সেই মোতাবেক দেড় শ শিক্ষকের মোট ১২ লাখ টাকা গায়েব হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে আটজন ভুক্তভোগী শিক্ষক অভিযোগ করেন, ব্যাংকের কর্মকর্তারাই ভুয়া অজুহাত দেখিয়ে তাঁদের টাকা গায়েব করেছেন।
বাগমারা পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জব্বার বলেন, ‘ব্যাংকে নিজের হিসাবে টাকা নিরাপদ না থাকলে নিরাপত্তা পাব কোথায়?’ তিনি ব্যাংক কর্তৃপক্ষের দাবিকে অবাস্তব উল্লেখ করে জানান, ব্যাংক থেকে কোনো অতিরিক্ত টাকা ওঠানো হয়নি। তিনি যে বেতন পান, তা-ই চেকের মাধ্যমে উঠিয়েছেন এবং এ-সংক্রান্ত প্রমাণও রয়েছে বলে জানান।
এ বিষয়ে সোনালী ব্যাংক ভবানীগঞ্জ শাখার ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান জানান, শিক্ষকেরাই ২০০৯ থেকে ২০১১ সালের মধ্যে অতিরিক্ত টাকা তুলে নিয়ে গেছেন। অতিরিক্ত টাকা সমন্বয় করা হয়েছে। ব্যাংকে প্রতিবছর অডিট এবং হিসাব-নিকাশ চূড়ান্ত করা হয়, তার পরও এত দিন কেন ১৫০ শিক্ষকের অতিরিক্ত টাকা উত্তোলনের বিষয় ধরা পড়ল না—এমন প্রশ্নের জবাবে ব্যবস্থাপক জানান, আগের কর্মকর্তারা এসব উল্টা-পাল্টা করেছেন। তবে তিনি একপর্যায়ে জানান, এ বিষয়ে আরও তদন্ত করা হবে, তাঁরা টাকা পেলে তা ফেরত দেওয়া হবে।