দেড় শতাধিক গাছ কেটে নিলেন ইউপি সদস্য!
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সুখাইড় এলাকা থেকে এক সপ্তাহে দেড় শতাধিক হিজল ও করচগাছ কেটে নেওয়া হয়েছে। ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের বিরুদ্ধে গাছগুলো কাটার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা ভূমি কার্যালয় ও স্থানীয় সূত্রে গেছে, সুখাইড় গ্রামের পেছনে ২২১ একর ১৪ শতক সরকারি জমিতে হিজল ও করচগাছের বাগান রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, ৯ অক্টোবর সকাল থেকে রাজাপুর উত্তর ইউপির সদস্য ঈমান আলীর নির্দেশে তাঁর নাতি লিটন মিয়া ও তিন-চারজন শ্রমিক ওই বাগানের হিজল ও করচগাছ কাটা শুরু করেন। গত এক সপ্তাহে তাঁরা সেখান থেকে দেড় শতাধিক গাছ কেটে নিয়েছেন।
গত রোববার বিকেলে সরেজমিনে দেখা গেছে, বাগানের কিছু এলাকা থেকে গাছের ডালপালা আবার কিছু এলাকা থেকে গাছের ওপরের পুরো অংশ কেটে নেওয়া হয়েছে। ইউপি সদস্য ঈমান আলী তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাকে বিপদে ফেলার জন্য একটি মহল অপপ্রচার চালাচ্ছে। বিষয়টি আমি ইউএনও স্যারকে জানিয়েছি।’
ইউএনও সাইফুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমাকে কেউ জানায়নি। খোঁজ নিয়ে গাছ কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’