দেড় হাজার গাছ কেটে সাবাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর-কৈজুরী সড়কের প্রায় দেড় হাজার গাছ কেটে সাবাড় করা হচ্ছে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই একটি বেসরকারি সংস্থা সরকারি ওই গাছগুলোর মালিকানা দাবি করে বিক্রি করে দিয়েছে।
নাম প্রকাশ করার না শর্তে স্থানীয় ছয়-সাতজন বলেন, ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের সঙ্গে আতাঁত করে ভুয়া কাগজপত্রের মাধ্যমে বেসরকারি প্রতিবন্ধী সংস্থা সাকো গাছগুলো বিক্রি করে দিয়েছে। এতে সরকারের কোটি টাকা রাজস্ব ক্ষতি হবে। সম্প্রতি এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, শতাধিক শ্রমিক গাছ কাটার কাজে ব্যস্ত। বড় বড় রেইনট্রি ও ইউক্যালিপটাসগাছ কেটে তাৎক্ষণিক অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। উপস্থিত লোকজনের মধ্যে ফজলুল মিয়া বলেন, ‘১৯৯৪ সালে আমি শ্রমিক হিসেবে কাজ করে এসব গাছ রোপণ করেছি। ঠিকাদার মাহফুজুর রহমান এই কাজটি করেছিলেন।’ সিএনজিচালিত অটোরিকশাচালক ওমর ফারুক বলেন, ‘গাছগুলো পুরো সড়কে ছায়ার কাজ করছিল। অসংখ্য মানুষ গাছের নিচে ছায়ায় বিশ্রাম নিত। কেটে ফেললে এলাকার সৌন্দর্য নষ্ট হবে। আমরা কোথায় গিয়ে বিশ্রাম নেব।’ উপস্থিত লোকজন জানান, ১৫ দিন ধরে গাছ কাটা শুরু হয়েছে। ইতিমধ্যে প্রায় দেড় হাজার গাছের চার ভাগের তিন ভাগ কাটা হয়েছে। এসব গাছের মূল্য প্রায় দেড় কোটি টাকা।
শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদ রহমান বলেন, ‘গাছগুলো সড়ক ও জনপথ (সওজ) বিভাগের। এগুলো কারা কাটছে আমার জানা নেই।’
জেলা বনায়ন কমিটির সভাপতি জেলা প্রশাসক বিল্লাল হোসেন বলেন, সিরাজগঞ্জের কোথাও গাছ কাটার বিষয়ে কোনো অনুমতি দেওয়া হয়নি। যদি কেউ কাটে এর জন্য তিনিই দায়ী থাকবেন। বিষয়টি জানার পর সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন, সওজ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, উপজেলার শাহজাদপুর-কৈজুরী ১০ কিলোমিটার দীর্ঘ সড়কটি ১৯৯৪ সালে স্থানীয় সরকারপ্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্মাণ করে। ওই সময় এলজিইডি ঠিকাদার নিয়োগ করে সেখানে কড়ই, আম, জাম, রেইনট্রি, ইউক্যালিপটাসসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করে। ২০১১ সালে সড়কটি সওজের কাছে হস্তান্তর করা হয়। পরে সিরাজগঞ্জের সাকো নামের একটি বেসরকারি প্রতিবন্ধী সংস্থার নির্বাহী পরিচালক মো. হাসেম আলী গাছগুলো সামাজিকভাবে বনায়ন করা হয়েছে উল্লেখ করে মালিকানা দাবি করে প্রশাসনের কাছে আবেদন করেন। প্রশাসন অনুমতি না দিলেও চলতি বছরের প্রথম দিকে হাসেম আলী নিজেই দরপত্র আহ্বান করে ১০টি গুচ্ছের মাধ্যমে ৮২ লাখ টাকা মূল্যে বাঘাবাড়ি এলাকার আবুল হোসেনের লোকজনের কাছে গাছগুলো বিক্রি করেন। ১৫ দিন ধরে আবুলের লোকজন গাছগুলো কাটাচ্ছেন।
ক্রেতাদের একজন ডায়া বাজারের আসবাব ব্যবসায়ী আবদুর রাজ্জাক বলেন, ‘আবুল হোসেনের কাছ থেকে একটি গ্রুপ থেকে ২২ লাখ টাকার বিনিময়ে ২৯৬টি গাছ কিনেছি। ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের জন্য আরও সাড়ে ৩ লাখ টাকা খরচ হয়েছে। সব মিলিয়ে ২৫ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে। লোকজন দিয়ে এক সপ্তাহ ধরে কাটা শুরু করেছি।’
আবুল হোসেন বলেন, ‘দরপত্রে অংশ নিয়ে আমরা প্রতিবন্ধী সংস্থা সাকোর কাছ থেকে ১০টি গুচ্ছে সব খরচসহ প্রায় ১ কোটি টাকা দিয়ে ১ হাজার ৩২১টি গাছ কিনেছি। এর মধ্যে কিছু গাছ আমি অন্যদের কাছে বিক্রি করেছি।’
এ বিষয়ে গাছগুলো রোপণের সময় দায়িত্বে থাকা এলজিইডির ঠিকাদার দিশা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাহফুজুর রহমান খান জানান, ওই সময় ১ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে গাছগুলো রোপণ করা হয়েছিল। প্রায় দুই হাজার বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়।
সাকো প্রতিবন্ধী সংস্থার নির্বাহী পরিচালক হাসেম আলী বলেন, ‘প্রায় ২০ বছর আগে আমাদের সংস্থার মাধ্যমে গাছগুলো রোপণ করা হয়। বিষয়টি জেলা ও উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। তাদের অনুমতি নিয়েই দরপত্র আহ্বান করে বিক্রি করা হয়েছে। সব কিছু নিয়ম মোতাবেকই করা হয়েছে।’
এ বিষয়ে সওজ বিভাগের সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, ‘গাছগুলো কাটার বিষয়ে কেউ আমাদের কিছু বলেনি। বিষয়টি জানার পর কাটা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আহমেদ বলেন, গাছগুলো কাটার বিষয়ে কাউকে কোনো অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি জানার পর গাছগুলো না কাটার জন্য প্রতিবন্ধী সংস্থাকে পত্র দেওয়া হয়েছে। একই সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগীয় বন কর্মকর্তা (পাবনা) সাইদুল ইসলাম বলেন, ‘যে সড়কে গাছ কাটতে হবে, উক্ত সড়কের কর্মকর্তাদের অনুমতি নেওয়ার বিধান রয়েছে। এ ছাড়া বন বিভাগেরও ছাড়পত্র লাগবে। উক্ত গাছ কাটার বিষয়ে আমার কিছু জানা নেই।’