দেবরের উত্ত্যক্তে ভাবির আত্মহত্যা?
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জালশোকা এলাকায় গতকাল বুধবার দুপুরে নাসরিন আক্তার (৩২) নামের এক নারী কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। দেবরের উত্ত্যক্তের শিকার হয়ে তিনি আত্মহননের পথ বেছে নেন বলে জানা যায়। ঘটনার পর থেকে দেবর পলাতক।
নাসরিন কালিয়াকৈর উপজেলার জালশোকা গ্রামের সৌদি আরবপ্রবাসী মো. মমিন উদ্দিনের স্ত্রী।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, মমিন উদ্দিন স্ত্রী-সন্তান দেশে রেখে দীর্ঘদিন ধরে সৌদি আরবে চাকরি করছেন। এই সুযোগে দেবর সজীব হোসেন ভাবি নাসরিনকে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হলে সজীব কৌশলে পাশের এলাকার আনিছুর রহমান ওরফে আনিছের সঙ্গে ভাবির অবৈধ সম্পর্ক রয়েছে বলে এলাকায় গুজব ছড়ান। এ ঘটনায় গত সপ্তাহে নাসরিন দেবরের নামে কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি করেন। এ ঘটনা নিয়ে নাসরিনের শ্বশুরবাড়ির লোকজন গত মঙ্গলবার রাতে তাঁকে মারধর করেন। এতে অভিমান করে নাসরিন কীটনাশক পান করেন। গুরুতর অবস্থায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে সজীব পলাতক রয়েছেন।
জানতে চাইলে আনিছুর রহমান প্রথম আলোকে বলেন, সজীব ভাবি নাসরিনকে উত্ত্যক্ত করতেন। তাঁর কাছে এ বিষয়ে নাসরিন অভিযোগ করলে সজীব ক্ষুব্ধ হয়ে ভাবিকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। এ ঘটনায় নাসরিন থানায় জিডি করলে পুলিশ তাঁকে আবার শ্বশুরবাড়িতে পৌঁছে দেয়।
নাসরিনের মামা আমির হোসেনও অভিযোগ করেন, দেবরের কারণেই নাসরিন আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) আজিম হোসেন জানান, সজীবের বিরুদ্ধে গত ২৫ ফেব্রুয়ারি জিডি করেন নাসরিন। তাঁরা তদন্তে গিয়ে অভিযোগের সত্যতা পান।