দেবরের লাঠির আঘাতে ভাবি, পরে ভাইয়ের হাতে ভাই খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের নাগরপুরে প্রথমে দেবরের লাঠির আঘাতে ভাবি এবং পরে ভাইয়ের লাঠির আঘাতে হত্যাকারী ভাই খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ভারড়া ইউনিয়নের খাষশাহজানী গ্রামে আজ বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ওই গ্রামের আবদুল করিমের ছেলে হযরত আলী (৬০) ও হযরতের ভাই সোলেমানের স্ত্রী সাজু বেগম (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে প্রত্যন্ত চরাঞ্চলের ওই গ্রামে জমিসংক্রান্ত বিষয় নিয়ে হযরত আলী ও তাঁর ছোট ভাই সোলেমানের সঙ্গে বিরোধ চলছিল। এর জের ধরে আজ সন্ধ্যায় কথা-কাটাকাটির একপর্যায় হযরত আলী সোলেমানের স্ত্রী সাজু বেগমকে লাঠি দিয়ে আঘাত করেন। ঘটনাস্থলেই সাজু বেগম মারা যান। পরে ক্ষিপ্ত হয়ে সোলেমান তাঁর বড় ভাই হযরত আলীকে লাঠি দিয়ে আঘাত করেন। হযরত আলীও ঘটনাস্থলেই মারা যান।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে ওই দুজন খুন হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়েছে। লাশ উদ্ধার করে থানায় আনা হচ্ছে। ঘটনার পর থেকে সোলেমান পলাতক রয়েছেন।