দেবরের হাতে ভাবি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জে ভাবি শিউলি বেগমকে (৩০) দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছেন দেবর আহছান উল্লাহ (২৩)। পুলিশের ভাষ্য, আহছান উল্লাহ মাদকাসক্ত। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের দরাফপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিউলি দরাফপুর গ্রামের অটোরিকশার চালক মো. আব্বাসের স্ত্রী এবং সদর উপজেলার এওজবালিয়া গ্রামের আবুল কাশেমের মেয়ে। ঘটনার পর স্থানীয় লোকজন ও চৌকিদারের সহায়তায় অভিযুক্ত আহছান উল্লাহকে আটক করেছে বেগমগঞ্জ থানা-পুলিশ।
স্থানীয় জিরতলী ইউনিয়ন পরিষদের সদস্য মাঈন উদ্দিন জানান, আহছান উল্লাহ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাঝেমধ্যে রাজমিস্ত্রির কাজ করতেন। আজ বেলা সাড়ে ১১টার দিকে বড় ভাইয়ের অনুপস্থিতিতে আহছান ঘরে ঢুকে তাঁর ভাবি শিউলিকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। এরপর নিজেই বাড়ির পাশের দোকানে গিয়ে লোকজনকে ঘটনাটি বলেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান পাঠান প্রথম আলোকে বলেন, মাদকাসক্ত দেবর আহছান উল্লাহ ধারালো দা দিয়ে দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ভাবি শিউলিকে হত্যা করেছেন। শিউলির মাথায় পাঁচটি, ঘাড়ে একটি ও মুখে একটি কোপ দেওয়া হয়েছে।
মিজানুর রহমান আরও জানান, ঘটনার খবর পেয়ে তাঁরা স্থানীয় লোকজন ও চৌকিদারের মাধ্যমে আহছান উল্লাহকে আটক করেছেন। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি দা জব্দ করা হয়েছে। তবে ঠিক কী কারণে আহছান তাঁর ভাবিকে খুন করেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।