দেবরের হাতে ভাবি খুন
বাগেরহাটের মোরেলগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দেবরের হাতে ভাবি নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের শনিরজোড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কমলা ওরফে কুশি বেগম (৪২) ওই গ্রামের খলিল তালুকদারের স্ত্রী। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এদিকে ঘটনার পর নিহত ব্যক্তির দেবর অভিযুক্ত তালুকদার রফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।
পরিবারের বরাত দিয়ে মোরেলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) তারক বিশ্বাস বলেন, সকালে খলিল তালুকদার বাড়ির পাশের একটি জমিতে মাছের ঘেরে মাটি কাটতে যান। এ সময় খলিলের ছোট ভাই তালুকদার রফিকুল ইসলাম সেখানে গিয়ে ওই ঘেরে তাঁর জমি রয়েছে দাবি করে মাটি কাটতে বাধা দেন। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি একপর্যায়ে খলিলের স্ত্রী কমলা বেগম সেখানে যান। রফিকুল ক্ষুব্ধ হয়ে লাঠি দিয়ে তাঁর ভাবি কমলার মাথায় আঘাত করে পালিয়ে যান। পরে কমলাকে আহত অবস্থায় উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
তিনি আরও বলেন, তালুকদার রফিকুল ইসলামের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও ধর্ষণের একাধিক মামলা রয়েছে। কয়েকটি মামলা আদালতে বিচারাধীন।
মোরেলগঞ্জ থানার ওসি রাশেদুল আলম বলেন, ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় রফিকুল ইসলামকে পাশের রামপাল উপজেলার মল্লিকের বেড় এলাকা থেকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।