দেবহাটা থানায় হত্যা মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার দেবহাটা উপজেলার টিকেটগ্রামের একটি পুকুর থেকে মা ও দুই মেয়ের লাশ উদ্ধারের ঘটনায় চারজনকে আসামি করে হত্যা মামলা হয়েছে। 
গত বুধবার বাড়ির পাশের পুকুর থেকে অষ্টমী সরকার (২৫), তাঁর বড় মেয়ে শ্রাবণী সরকার (৬) ও ছোট মেয়ে পাখি সরকারের (৬ মাস) লাশ উদ্ধার করা হয়। বুধবার দিবাগত রাতে নিহত অষ্টমী সরকারের বোন কাজলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গঙ্গা সরকার বাদী হয়ে দেবহাটা থানায় ওই মামলা দায়ের করেন। মামলায় অষ্টমীর স্বামী প্রশান্ত সরকার, শ্বশুর প্রফুল্ল সরকার, শাশুড়ি হিমেলা সরকার ও প্রশান্তের ভগ্নিপতি শংকর সরকারকে আসামি করা হয়েছে।
গঙ্গা সরকার অভিযোগ করেন, পাঁচ বছর আগে অষ্টমী সরকার ও প্রশান্ত সরকার দম্পতির একটি কন্যাসন্তান হয়। গত বছরের অক্টোবর মাসে আরও একটি মেয়ে হয় তাঁদের। পর পর দুটি কন্যাসন্তান হওয়ায় অষ্টমীকে শাশুড়ি ও স্বামী নানাভাবে অত্যাচার করতেন। বুধবার সকালে বোনের সঙ্গে তাঁদের মা ফুলমতি সরকারের মুঠোফোনে দু-তিন মিনিট কথা হওয়ার পর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাঁরা দুপুরের দিকে জানতে পারেন, অষ্টমী ও তাঁর দুই সন্তানকে হত্যা করে পুকুরের পানিতে ফেলে দেওয়া হয়েছে।