দেবহাটায় পুকুর থেকে মা ও দুই মেয়ের লাশ উদ্ধার
সাতক্ষীরার দেবহাটা উপজেলার একটি পুকুর থেকে মা ও দুই মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে দেবহাটা উপজেলার টিকেট গ্রামে বাড়ির পাশের একটি পুকুর থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।
হত্যা করা হয়েছে, না অন্য কোনোভাবে তাঁদের মৃত্যু হয়েছে, তা গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।
এ ঘটনার জড়িত সন্দেহে অষ্টমীর স্বামী প্রশান্ত সরকার, শ্বশুর প্রফুল্ল সরকার ও শাশুড়ি হিমেলা সরকারকে আটক করা হয়েছে।
নিহতরা হলেন অষ্টমী সরকার (২৫), তাঁর বড় মেয়ে শ্রাবণী সরকার (৬) ও ছোট মেয়ে পাখি সরকার (৬ মাস)।
নিহত গৃহবধূর ভাই প্রকাশ চন্দ্র রায়ের অভিযোগ, অষ্টমীর পরিবারে প্রায়ই ঝগড়াবিবাদ লেগে থাকত। বিষ খাইয়ে দুই শিশু সন্তানসহ অষ্টমীকে হত্যা করে লাশ পুকুরে ফেলা দেওয়া হতে পারে।
এ ব্যাপারে চেষ্টা করেও প্রশান্তের সঙ্গে কথা বলা যায়নি।
সাতক্ষীরার কালীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মীর মনির হোসেন ঘটনাস্থল থেকে জানান, গতকাল দুপুরের দিকে ছোট মেয়ে পাখির লাশ বাড়ির সামনের পুকুরে ভাসতে দেখে একজন প্রতিবেশী। তারপর বাড়িতে গিয়ে তার মা ও অন্য বোনকে না পেয়ে প্রতিবেশীরা পুকুরে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে মাসহ অন্য শিশুর লাশ পাওয়া। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ বিকেল পাঁচটার দিকে তিনজনের লাশ উদ্ধার করে।
এএসপি আরও জানান, তাঁদের হত্যা করা হয়েছে, না অন্য কোনোভাবে মৃত্যু হয়েছে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আটক ব্যক্তিদের এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি।