কুমিল্লার দেবীদ্বার পৌরসভার প্রশাসক এবং সচিবের সই জাল করে ব্যাংক থেকে ৪৭ হাজার ৮০৭ টাকা তুলে আত্মসাতের অভিযোগে ওই পৌরসভার হিসাবরক্ষক মো. মাহাবুবুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ২৯ ডিসেম্বর সোনালী ব্যাংক দেবীদ্বার শাখা থেকে ৪৭ হাজার ৮০৭ টাকা তোলেন হিসাবরক্ষক মো. মাহাবুবুল আলম। সন্ধ্যায় সোনালী ব্যাংকের ব্যবস্থাপক চেক বাছাই করতে গিয়ে দেখেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম এবং সচিব জহিরুল আলমের প্রকৃত সইয়ের সঙ্গে ওই চেকের সই মিলছে না। এরপর বিষয়টি পৌরসভার সচিবকে জানানো হয়। গত বৃহস্পতিবার ইউএনও তাঁর দপ্তরে মাহাবুবুলকে ডেকে আনেন। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সই জাল করে টাকা তোলার বিষয়টি স্বীকার করেন। পরে পুলিশ ডেকে এনে তাঁকে গ্রেপ্তার করান ইউএনও। মাহাবুবুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার ধর্মপুর গ্রামে।
গত বৃহস্পতিবার দুপুরে মুঠোফোনে যোগাযোগ করা হলে মাহবুবুল আলম সই জাল করে ব্যাংক থেকে টাকা তোলার কথা স্বীকার করেন।
পৌর প্রশাসক ও ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, ‘ঠিকাদারদের জামানত তহবিলে ৪৭ হাজার ৮০৭ টাকা জমা ছিল। গত ২৯ ডিসেম্বর আমার ও সচিবের সই জাল করে মাহাবুবুল টাকা তোলেন। এ কারণে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, পৌরসভার সচিব এ ব্যাপারে মামলা করেছেন। মামলাটি তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে পাঠানো হবে। মাহবুবুলকে বৃহস্পতিবারই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।