দেবীদ্বারে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দেবীদ্বার উপজেলার নবম শ্রেণির এক ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার গভীর রাতে উপজেলার রাজামেহার পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ছাত্রীর মা গত রোববার মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, নবম শ্রেণির ওই ছাত্রী মামার বাড়িতে থেকে লেখাপড়া করে। দেবীদ্বার উপজেলার রাজামেহার গ্রামের এক তরুণ (২৩) তাকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। গত শনিবার রাতে ওই তরুণ ওই ছাত্রীর মামার বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করেন। তার চিৎকারে বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে যায়। তারা তখনই ওই তরুণকে আটক করে। কিন্তু পরে ধর্ষকের সহযোগীরা হুমকি দিয়ে তাঁকে ছাড়িয়ে নিয়ে যান। পরদিন সকালে স্থানীয় প্রভাবশালী কিছু ব্যক্তি ওই ছাত্রীকে চট্টগ্রামে তার বাবা-মার কাছে পাঠিয়ে দেন। সেখানে তার কাছ থেকে ধর্ষণের কথা জানতে পেরে মেয়েটির বাবা ও মা দেবীদ্বার আসেন। এরপর রোববার রাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই তরুণসহ তিনজনের বিরুদ্ধে দেবীদ্বার থানায় মামলা করেন।

 দেবীদ্বার থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মোরশেদ পারভেজ তালুকদার বলেন, গতকাল সোমবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ওই ছাত্রীর পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। পরে সে আদালতে জবানবন্দিও দিয়েছে। অভিযুক্ত তরুণকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।