দেবীদ্বারে ছেলের হাতে বাবা খুন
কুমিল্লার দেবীদ্বার উপজেলায় মো. ইউনুস মিয়া (৫০) নামের এক ব্যবসায়ীকে তাঁর ছেলে মো. সোহেল (২৫) দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন।
গত শনিবার রাতে পৌরসভার মরিচাকান্দা গ্রামের চক্রাকান্দি পাড়ায় ইউনুসের নিজ বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
এক বছর আগেও সোহেল ওই এলাকার এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছিলেন।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দেবীদ্বার সৌরভী ডেকোরেটরের মালিক মো. ইউনুস মিয়ার কাছে কয়েক দিন ধরে সোহেল টাকা দাবি করছিলেন। টাকা না দেওয়ায় শনিবার সন্ধ্যায় বাবার সঙ্গে ঝগড়া করেন সোহেল। একপর্যায়ে ওই দিন রাত আটটার দিকে ঘরে থাকা দা এনে বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন সোহেল। পরে গুরুতর আহত অবস্থায় ইউনুস মিয়াকে উদ্ধার করে প্রথমে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, এ ঘটনায় ইউনুসের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। এ কারণে উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বাদী হয়ে সোহেলকে একমাত্র আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। ঘটনার পর থেকে সোহেল পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।