দেবীদ্বারে ব্যবসায়ী খুন
কুমিল্লার দেবীদ্বার উপজেলার দুয়ারিয়া বাজারে গত শুক্রবার রাতে আবুল কাশেম (২৫) নামের এক ব্যবসায়ীকে খুন করেছে দুর্বৃত্তরা। তিনি দুয়ারিয়া বাজারের ভাই ভাই টেলিকম অ্যান্ড স্টেশনারি দোকানের স্বত্বাধিকারী ছিলেন। তিনি দুয়ারিয়া গ্রামের সরু মিয়ার ছেলে।
দুয়ারিয়া বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, শুক্রবার দিবাগত রাত পৌনে একটার দিকে একদল দুর্বৃত্ত আবুল কাশেমের দোকানে ঢুকে তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
একপর্যায়ে তিনি চিৎকার করতে করতে দৌড়ে নিজ বাড়ির সামনে এসে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় বাড়ির লোকজন তাঁকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আবুল কাশেমের বড় ভাই আবদুর রব জানান, ওই দুর্বৃত্তরা দোকান থেকে ফ্লেক্সিলোড, বিকাশ, ইউ ক্যাশের মোবাইল নেট, এম ক্যাশ ও ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকিংয়ের কাজে ব্যবহৃত মুঠোফোন ও টাকা নিয়ে গেছে।
দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম জানান, এ ঘটনায় আবদুর রব বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে গতকাল একটি হত্যা মামলা করেছেন।