দেবীদ্বারে যুবলীগ নেতা হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দেবীদ্বার পৌর যুবলীগের সহসভাপতি এ টি এম তারিকুল হাসান ওরফে টিটু হত্যা মামলার আরেক আসামি মো. মমিন ওরফে কানা মমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার নগরের মনোহরপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া মো. মমিন (৩০) নগরের ঠাকুরপাড়া এলাকার নান্নু মিয়ার ছেলে। এ নিয়ে তারিকুল হত্যা মামলার সাত আসামির মধ্যে চার আসামি গ্রেপ্তার হলেন। পুলিশের ভাষ্যমতে, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ গতকাল সকাল ছয়টায় নগরের মনোহরপুর এলাকার হোটেল সালাহউদ্দিনের পাশ থেকে তাঁকে একটি রিভলবার, একটি গুলিসহ গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ আগস্ট কুমিল্লা নগরের দক্ষিণ ঠাকুরপাড়া বড় মসজিদ এলাকার প্রবাসী মো. ইসমাইল মিয়ার পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে যুবলীগ নেতা তারিকুল হাসানের কঙ্কাল উদ্ধার করে কুমিল্লার ডিবি পুলিশ। ২০১৫ সালের ২ জুলাই দেবীদ্বার থেকে নিখোঁজ হন তিনি। এ ঘটনায় ৩০ আগস্ট রাত ১০টার দিকে তারিকুল হাসানের মা রাজিয়া সুলতানা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এ পর্যন্ত এ মামলার চার আসামি রফিকুল ইসলাম, রিয়াদ উদ্দিন, মো. লিমন ও মমিনকে গ্রেপ্তার করেছে।
এ মামলার অন্য তিন আসামি হলেন নগরের দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আফজল খানের ছেলে নাসরুল্লাহ খান, মমিনের ভাগনে মো. রাশেদ, ঠাকুরপাড়ার আনু মিয়ার ছেলে আরমান ওরফে ছোট আরমান।