জমি নিয়ে বিরোধের জের ধরে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৯ নম্বর গুনাইঘর উত্তর ইউনিয়নের বনকোট গ্রামে জুবায়ের আহমেদ নামের এক স্কুলছাত্র গুলিবিদ্ধ হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার বনকোট গ্রামে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ জুবায়ের আহমেদ (১২) বনকোট গ্রামের শামীম আহমেদের ছেলে এবং বনকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
বর্তমানে সে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও এলাকার অন্তত পাঁচজন বাসিন্দা জানান, উপজেলার বনকোট গ্রামের শামীম আহমেদ ও মুক্তল হোসেনের মধ্যে বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গতকাল বেলা ১১টায় বিরোধপূর্ণ জমির পাশে শামীম পায়খানা (ল্যাট্রিন) বসানোর কাজ শুরু করেন। ওই সময় মুক্তল হোসেন বিষয়টি দেখানোর জন্য গুনাইঘর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন ওরফে মুকুলকে নিয়ে আসেন। ওই সময় শামীমও তাঁর অনুসারী একই গ্রামের রুমি কিসলুকে নিয়ে আসেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই সময় শামীম ও মুক্তল হোসেনের সমর্থকদের মধ্যে তুমুল বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে রুমি পিস্তল দেখিয়ে মকবুলকে ওই বাড়ি ছাড়ার নির্দেশ দেন। অন্যথায় তাঁকে গুলি করবেন বলে হুমকি দেন। ওই সময় মকবুল বলেন, ‘সাহস থাকলে গুলি কর, বুক পেতে দিলাম।’ তখন রুমি তাঁর পিস্তল দিয়ে গুলি করেন। গুলি মকবুলের গায়ে না লেগে বিদ্ধ হয় শামীম আহমেদের ছেলে জুবায়ের আহমেদের ডান পায়ের গোড়ালিতে। ওই সময় শিশুটির গোড়ালির এক পাশ দিয়ে গুলি ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে যায়। দ্রুত তাকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা বর্তমানে ভালো। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এর আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান রুমি কিসলু।
গুনাইঘর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন বলেন, ‘অবৈধ অস্ত্র দিয়ে আমাকে গুলি করা হয়েছে। ওই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে শিশুটির পায়ে লেগেছে।’
এ ব্যাপারে শামীম আহমেদ কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি। এ ব্যাপারে কথা বলার জন্য রুমি কিসলুর মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) নূরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হবে। সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।