দেবীদ্বারে হামলায় আ.লীগের আট নেতা-কর্মী আহত
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের স্বতন্ত্র সাংসদ রাজী মোহাম্মদ ফখরুলের অনুসারীদের হামলায় দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্তত আটজন নেতা-কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার দেবীদ্বার-চান্দিনা সড়কের বাগুর এলাকায় ওই ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন মাহমুদের অনুসারী। এ ঘটনার জন্য হুমায়ুন মাহমুদ সাংসদকে দায়ী করেন। রাজী আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য ফখরুল ইসলাম মুন্সীর বড় ছেলে। স্বতন্ত্র সাংসদ হলেও রাজী আওয়ামী লীগের রাজনীতি করছেন।
এ ব্যাপারে সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল গতকাল রাতে বলেন, ‘এগুলো ব্যক্তিগত ঝামেলা থেকে হয়েছে। পরে রাজনৈতিক রং ছড়ানো হচ্ছে। হুমায়ুন মাহমুদ নিজে উত্তর জেলার সভায় ছিলেন। তিনি তো তাঁর কর্মীদের নিয়েই সভায় গিয়েছেন। তাহলে হামলা হবে কেন? আমি এখন সিলেটে অবস্থান করছি।’
আহত ব্যক্তিদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। এঁরা হলেন দেবীদ্বার উপজেলা মৎসজীবী লীগের সভাপতি মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য লুৎফর রহমান বাবুল, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সদস্য পারভেজ হোসেন। আহত ব্যক্তিদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন অভিযোগ করেন, গতকাল বেলা ১১টায় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন উপলক্ষে চান্দিনা মহিলা কলেজে সভা হয়। ওই সভায় অংশ নিতে যাচ্ছিলেন আহত ব্যক্তিরা। পথে বাগুর এলাকায় সাংসদের অনুসারী সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, ছাত্রলীগ কর্মী মো. লিটন, রুবেল মিয়া ও সাদ্দামের নেতৃত্বে কয়েকজন তাঁদের সভায় যেতে বাধা দেন। একপর্যায়ে তাঁরা তাঁদের লাঠি দিয়ে পেটান। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।