দেবোত্তর সম্পত্তি দখলকে কেন্দ্র করে হামলায় আহত ১০
ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকায় লক্ষ্মীনারায়ণ মন্দিরের দেবোত্তর সম্পত্তি দখলকে কেন্দ্র করে হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল রোববার সকাল আটটার দিকে মন্দিরে কীর্তন চলাকালে এ হামলার ঘটনা ঘটে।
মন্দির কমিটি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার লক্ষ্মীনারায়ণ মন্দিরের ১ একর ১০ শতাংশ দেবোত্তর সম্পত্তি মন্দিরের সেবায়েত সুধীর চন্দ্রনাথ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাসের নামে গত বৃহস্পতিবার রেজিস্ট্রি করে দেন। দীর্ঘদিন ধরে ওই জমি দখলে নিয়ে ১৬টি হিন্দু পরিবার অবৈধভাবে বসবাস করছে। গতকাল ভোরে ইসকনের খুলনা ও বরিশাল অঞ্চলের সভাপতি পরম পুরুষ দাসের নেতৃত্বে ৮০ জন সাধু বরিশাল থেকে ওই মন্দিরে যান। সেখানে তাঁরা একটি কৃষ্ণমূর্তি স্থাপন করে কীর্তন ও পূজার আয়োজন করেন। সকাল আটটার দিকে কীর্তন চলাকালে ওই জমির অবৈধ দখলদার স্বপন কুমার আচার্যের নেতৃত্বে ২০-২৫ ব্যক্তি হামলা করেন। হামলায় লক্ষ্মীনারায়ণ মন্দিরের সেবায়েত সুধীর চন্দ্রনাথ, ইসকনের পরম পুরুষ দাস, শুভংকর হালদার, সুভাষ চন্দ্র দাস, গুরুদাস ভ্রমচারী, সুবল কৃপা দাস, দীপক রায়, ভক্তপ্রাণ দাস, অমিত গোবিন্দ দাস ও জীবন দাস আহত হন। তাঁদের ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত পরম পুরুষ দাস, সুবল কৃপা দাস, দীপক রায় ও ভক্তপ্রাণ দাসকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় বরিশাল ইসকনের সাধারণ সম্পাদক বলরাম দাস বাদী হয়ে স্বপন কুমার আচার্যকে প্রধান আসামি করে ১৬ জনের নামে ঝালকাঠি সদর থানায় মামলা করেছেন।
বরিশাল ইসকনের সাধারণ সম্পাদক বলরাম দাস বলেন, ‘আমরা একাদশী উপলক্ষে লক্ষ্মীনারায়ণ মন্দিরে কীর্তন ও পূজা করার জন্য গিয়েছিলাম। আমাদের কীর্তন চলাকালে মন্দিরের দেবোত্তর সম্পত্তির অবৈধ দখলদারেরা হামলা চালান।’
স্বপন কুমার আচার্য অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা আমাদের নিজস্ব জমিতে বসবাস করছি। তবে ওই জমির মধ্য কিছু দেবোত্তর সম্পত্তি রয়েছে। ইসকনের লোকজন আমাদের দখলে থাকা জমি দখল করে স্থাপনা নির্মাণের পাঁয়তারা চালালে লোকজন তাঁদের বাধা দেন।’
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম বলেন, এ ঘটনায় ইসকনের পক্ষ থেকে বলরাম দাস বাদী হয়ে মামলা করেছেন। অপরদিকে ওই জমিতে বসবাসকারীরা একটি লিখিত অভিযোগ করেছেন।