দেলদুয়ার উপজেলা পরিষদে ভাঙচুর, থানায় হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পরাজিত এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা দেলদুয়ার উপজেলা পরিষদ ভবন ভাঙচুর ও দেলদুয়ার থানায় হামলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় দেলদুয়ার থানার পরিদর্শক (তদন্ত) ওসমান গণিসহ অন্তত ১০ জন আহত হন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার দেলদুয়ার উপজেলার আটটি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে আটিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে পরিচিত সিরাজুল ইসলাম মল্লিক বিজয়ী হন। নির্বাচনের দিন থেকেই নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেন নির্বাচনে কারচুপির অভিযোগ করে আসছিলেন। আজ সকালে সাজ্জাদ হোসেন তাঁর পাঁচ শতাধিক সমর্থক নিয়ে মিছিল বের করে উপজেলা পরিষদের সামনে জড়ো হন। পরে সাজ্জাদ হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে সাক্ষাৎ করতে যান। এত পর্যায়ে তাঁর কর্মী-সমর্থকেরা উপজেলা পরিষদের সামনে থাকা সাত-আটটি মোটরসাইকেল ভাঙচুর করেন এবং একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। পরে তাঁরা ইটপাটকেল ছুড়ে উপজেলা পরিষদের নিচতলার বিভিন্ন কক্ষের দরজা–জানালা ও বিলবোর্ড ভাঙচুর করেন। একপর্যায়ে পুলিশ এগিয়ে গেলে শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষে অন্তত ১০ কর্মী-সমর্থক আহত হন। একপর্যায়ে বিক্ষোভকারীরা পাশে দেলদুয়ার থানায় হামলা করেন। তখন থানার পরিদর্শক (তদন্ত) ওসমান গণি বাধা দেওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীরা তাঁর দিকে ইটপাটকেল ছোড়ে। এতে তিনি আহত হন। খবর পেয়ে টাঙ্গাইল থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে গুলি ছুড়ে ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, আহত পুলিশ কর্মকর্তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। সাজ্জাদ হোসেনকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।