দেলদুয়ারে ছেলের এক বছর পর বাবাকে খুন
টাঙ্গাইলের দেলদুয়ারে ছেলের হত্যার এক বছর পর বাবাও খুন হয়েছেন। গত রোববার রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাঁকে গলা কেটে হত্যা করে।
খুন হওয়া ব্যক্তির নাম আশরাফ আলী (৪৫)। তিনি উপজেলার গজিয়াবাড়ী গ্রামের মৃত রমজান আলীর ছেলে। তিনি তাঁর ছেলে মোশারফ হোসেন হত্যা মামলার বাদী ছিলেন।
আশরাফের স্ত্রী মুকুল বেগম জানান, গত বছরের ২০ মে তিন গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে তাঁর ছেলে মোশারফ হোসেন নিহত হন। ওই ঘটনায় আশরাফ বাদী হয়ে ৪০ জনের নামে দেলদুয়ার থানায় হত্যা মামলা করেন। গত রোববার রাতে একটি ফোন কল পেয়ে আশরাফ বাড়ির বাইরে যান। গতকাল সকালে গজিয়াবাড়ীর বিন্দুরীয়া গ্রামের একটি পরিত্যক্ত জমিতে আশরাফ আলীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাঁদের জানান।
দেলদুয়ার থানার ওসি মোশাররফ হোসেন বলেন, খবর পেয়ে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।