দেশপ্রেমিকের কাণ্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশপ্রেমিক দাবিদার এক ব্যক্তি একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে টাই না পরে আসার অজুহাতে দুই শিক্ষকসহ চারজনকে পিটিয়ে আহত করেছেন। গতকাল শনিবার বেলা ১১টার দিকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জাফরপুর-গণিপুর উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।
পুলিশ আসলাম হোসেন (৫০) নামের ওই কথিত দেশপ্রেমিককে আটক করেছে। তিনি উপজেলার গণিপুর গ্রামের বাসিন্দা। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
বিদ্যালয় সূত্র ও আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল সকাল ১০টা থেকে বিদ্যালয়ে পাঠদান শুরু হয়। বিদ্যালয়ের দ্বিতীয় তলায় আলাদা দুটি শ্রেণিকক্ষে নবম ও দশম শ্রেণির বাংলা প্রথম পত্রের পাঠদান চলছিল। বেলা ১১টার দিকে আসলাম হোসেন বিদ্যালয়ের দ্বিতীয় তলায় যান। তিনি নবম শ্রেণির কক্ষে ঢুকে শিক্ষক মোবিনুল ইসলাম টাই পরেননি কেন—এ কথা বলেই তাঁকে কিলঘুষি মারতে থাকেন। এ সময় শ্রেণিকক্ষে থাকা ছাত্রছাত্রীরা ওই শিক্ষককে রক্ষা করতে গেলে তাদেরও মারধর করেন। একপর্যায়ে বিদ্যালয়ের অফিস কক্ষ থেকে প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকেরা দ্বিতীয় তলায় গিয়ে তাঁকে অফিস কক্ষে নিয়ে যান। তিনি অফিস কক্ষে ঢুকেই আবদুর রশিদ নামের আরেক শিক্ষককে মাথায় কাচের গ্লাস দিয়ে আঘাত করেন। এতে ওই শিক্ষক মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় দশম শ্রেণির মিনহাজ ও কাবিল আহত শিক্ষককে রক্ষা করতে গেলে তিনি তাদেরও জখম করেন। এ ঘটনার পর শিক্ষার্থীরা অফিস কক্ষে এসে আসলামকেও মারধর করে আটকে রাখে। পরে খবর পেয়ে পুলিশ দুপুরে বিদ্যালয়ে গিয়ে আসলামকে আটক করে থানা নিয়ে যায়।
প্রধান শিক্ষক আজিজুল হক জানান, আসলাম হোসেন প্রায়ই বিদ্যালয়ে এসে নিজেকে দেশপ্রেমিক পরিচয় দিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের বিরক্ত করতেন। গতকাল তিনি বিদ্যালয়ের দ্বিতীয় তলার নবম শ্রেণির কক্ষে ঢুকে বাংলা বিষয়ের শিক্ষক মোবিনুল টাই পরেননি কেন—বলেই তাঁকে মারধর করেন। পরে অফিস কক্ষে এসে এক শিক্ষক ও দুই শিক্ষার্থীকে জখম করেন। এ ঘটনা ইউএনও ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘আমরা আসলাম হোসেনের আচরণে ত্যক্তবিরক্ত। তিনি বিদ্যালয়ে এসে কখনো নিজেকে দেশপ্রেমিক, আবার কখনো র্যা ব-পুলিশ পরিচয় দিয়ে শিক্ষকদের ভয়ভীতি দেখাতেন। শিক্ষক-শিক্ষার্থীদের মারধরের ঘটনায় আমরা মামলা করব।’
থানাহাজতে থাকা আসলাম হোসেন সাংবাদিকদের জানান, তিনি অসুস্থ। তাই কথা বলবেন না। টাই না পরায় শিক্ষককে মারধর করেছেন কেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একটু বকাঝকা করেছি। ওরাই আমাকে মারধর করেছে।’
আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) কিরণ কুমার রায় জানান, আসলাম হোসেন বিদ্যালয়ে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মারধর করেছেন। শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁকে বিদ্যালয়ে আটকে রেখেছিলেন। পুলিশ গিয়ে তাঁকে আটক করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।