দেশলাই কারখানার শ্রমিক সরদার খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুরে দেশলাই কারখানার শ্রমিক সরদার বজলুর রহমানকে (৩৬) হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ বলছে, শ্রমিকদের মধ্যে বিরোধের জেরে তিনি খুন হতে পারেন। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।
নিহত বজলুর উপজেলার চামনাই গ্রামের খোদা বক্সের ছেলে। তিনি উপজেলার আল্লার দর্গা এলাকার বায়েজিদ ম্যাচ ফ্যাক্টরির শ্রমিক সরদার ছিলেন। গতকাল সোমবার সকালে একটি মাঠে তাঁকে হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তিনি মারা যান।
বজলুর রহমানের পরিবার ও পুলিশ সূত্র জানায়, বজলুর গত রোববার বিকেলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো হদিস পায়নি। গতকাল সকালে স্থানীয় চামনাই গ্রামের মাঠে একটি তামাক খেতে বজলুকে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পান কৃষকেরা। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তিনি মারা যান।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) কামরুল হাসান প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের জেরে বজলুর খুন হয়েছেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, এ খুনের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তিনজনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন চামনাই গ্রামের জিয়াউর রহমান (৩৫), মমিনুল ইসলাম (৩৬) ও সোহেল রানা (২০)।