দেশি টিএসপির দামে ও মানে কারসাজি
সরকার-নির্ধারিত সব টিএসপি সারের দাম প্রতি কেজি ২২ টাকা। পাবনার বেড়া উপজেলায় দেশি টিএসপি বিক্রি হচ্ছে ২৯ থেকে ৩১ টাকায়। তবে কিছুটা কমেই বিক্রি হচ্ছে বিদেশি টিএসপি। এ সুযোগে একশ্রেণির অসাধু ব্যবসায়ী বিদেশিকে দেশি টিএসপির সঙ্গে মিশিয়ে বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
কৃষক ও সার ব্যবসায়ীরা জানান, বাজারে দেশি ও বিদেশি দুই ধরনের টিএসপি সার পাওয়া যায়। বিদেশি টিএসপি মরক্কো, তিউনিসিয়া ও চীন থেকে আমদানি করা হয়। আর দেশি টিএসপি উৎপাদিত হয় চট্টগ্রাম টিএসপি কারখানায়। এই সারকে ব্যবসায়ী ও কৃষকেরা পতেঙ্গা নামেও চেনেন।
কৃষকদের ধারণা, বিদেশির চেয়ে দেশি টিএসপিতে ফলন ভালো হয়। এ কারণে দেশি টিএসপির প্রতি কৃষকদের আগ্রহ বেশি। বিদেশি টিএসপির সরবরাহ পর্যাপ্ত হলেও দেশি টিএসপির সরবরাহ চাহিদার তুলনায় কম। তাই সরবরাহের ঘাটতি দেখিয়ে কৃষকদের কাছে সারটি বিক্রি করা হচ্ছে কেজিতে সাত থেকে নয় টাকা বেশি দামে।
বেড়া বাসস্ট্যান্ডে অবস্থিত খুচরা সার বিক্রির দোকানগুলোতে গিয়ে দেখা যায়, বিদেশি টিএসপি সরকার-নির্ধারিত ২২ টাকা কেজি দরে বিক্রি হলেও দেশি টিএসপি বিক্রি হচ্ছে ২৯ থেকে ৩১ টাকায়।
সাঁথিয়া উপজেলার করমজা গ্রামের কৃষক আবদুদ দাইন জানান, আলু চাষের জন্য পাঁচ কেজি দেশি টিএসপি ১৫০ টাকায় কিনেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক দুজন সার বিক্রেতা জানান, ডিলারদের কাছ থেকে ১ হাজার ৪০০ টাকা দরে ৫০ কেজির দেশি টিএসপির বস্তা কিনতে হচ্ছে। এ জন্য ২৯ থেকে ৩১ টাকা কেজি দরে বিক্রি করা ছাড়া উপায় নেই।
নাকালিয়া বাজারের একটি সারের দোকানে কথা হয় নয়নপুর গ্রামের কৃষক হেলাল উদ্দিনের সঙ্গে। তিনি জানান, সপ্তাহ দুয়েক পর পেঁয়াজ চাষের জন্য টিএসপি কিনতে হবে। বাজারে বিদেশির তুলনায় দেশি টিএসপির দাম কেজিতে আট টাকার মতো বেশি হলেও তিনি দেশিই নেবেন।
হাটুরিয়া বাজারের খুচরা সার ব্যবসায়ী আমানত আলী বলেন, ‘ডিলারদের কাছ থেকে প্রতি বস্তা দেশি টিএসপি ১ হাজার ৪০০ টাকার নিচে পাওয়া যায় না। এ জন্য এত দামে দেশি টিএসপি না এনে শুধু বিদেশি টিএসপিই বিক্রি করছি। বিদেশি টিএসপি সরকার-নির্ধারিত দামের চেয়ে কিছুটা কমে বেচলেও তেমন লস হয় না।’
কয়েকজন খুচরা সার বিক্রেতা অভিযোগ করেন, তিউনিসিয়া থেকে আমদানি করা টিএসপি দেখতে অনেকটা দেশি টিএসপির মতো। কোনো কোনো ডিলার বা পাইকারি সার বিক্রেতা এই বিদেশি সারটি দেশির সঙ্গে মিশিয়ে দেশি বলে চালাচ্ছেন। এতে প্রতারিত হচ্ছেন কৃষকেরা।
বেড়া পৌর এলাকার সারের ডিলার নূরুল ইসলাম বলেন, ‘দেশি টিএসপি খুব কম পাওয়া যায় বলে আমরা প্রায় আনিই না। তার পরও পাওয়া গেলে তা সরকার-নির্ধারিত দামেই বেচা হয়। যেহেতু দেশি ও বিদেশি টিএসপি সরকার-নির্ধারিত দামেই বেচা হয়, কাজেই বিদেশিকে দেশি বলে চালানোর অভিযোগ ঠিক নয়।’
বেড়া উপজেলা কৃষি কর্মকর্তা ঈসমাইল হোসেন বলেন, ‘দেশি ও বিদেশি টিএসপির মধ্যে গুণগত কোনো পার্থক্য নেই। আর এ উপজেলার সার ব্যবসায়ীদের দোকান ও গুদামে টিএসপিসহ সব সারই প্রয়োজনের তুলনায় বেশি মজুত আছে। কোনো কোনো সার বিক্রেতা টিএসপি কিছুটা লসে বিক্রি করছেন বলেও আমরা খবর পাচ্ছি। কাজেই দেশি টিএসপির বেশি দামে বিক্রির বিষয়টি একদম মিথ্যা। একইভাবে বিদেশি টিএসপিকে দেশি বলে চালানোর বিষয়টিও মিথ্যা।’