দেশির বদলে সোনালি মুরগি, মহিষ হয় গরু খাসির পরিবর্তে ভেড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাদে দেশি জাতের মুরগির কদর বেশি, দামও বেশ চড়া। এ সুযোগে দেশি বলে হাঁকডাক দিয়ে রাজধানীর কাঁচাবাজারগুলোর বিক্রেতারা ক্রেতাদের অগোচরে গছিয়ে দিচ্ছেন সোনালি জাতের মুরগি। দেখতে অনেকটা দেশি জাতের মতোই। তাই ক্রেতারাও বাজার থেকে কেটে-ছিলে ব্যাগে ভরে নিয়ে যান। একইভাবে গরুর বদলে মহিষ আর খাসির বদলে ভেড়ার মাংস বিক্রি করছেন মাংস বিক্রেতারা।
এভাবে প্রতারণার ঘটনা গতকাল শনিবার উত্তরার আজমপুর, গুলশান-১ ও মহাখালী কাঁচাবাজারে হাতেনাতে ধরা পড়ে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন-১-এর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে।
এই তিনটি বাজারের সাতজন মাংস বিক্রেতাকে ৪০ হাজার টাকা জরিমানা করেন র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদ। তাঁদের মধ্যে আজমপুর কাঁচাবাজারের মুরগি বিক্রেতা নাছির উদ্দিনকে ১০ হাজার টাকা, মহাখালী কাঁচাবাজারের খাসির মাংসের তিন বিক্রেতা মো. বোরহান, আবদুল করিম ও মো. হাবিবকে পাঁচ হাজার টাকা করে, গুলশান-১ ডিওএইচএস মার্কেট কাঁচাবাজারে দুই গরুর মাংস বিক্রেতা মিলন মিয়া ও মো. জাহাঙ্গীরকে পাঁচ হাজার টাকা করে এবং একই বাজারের মুরগি বিক্রেতা মানিক মিয়াকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
ফিরোজ আহমেদ প্রথম আলোকে বলেন, বাজারে প্রতি কেজি দেশি মুরগির দাম এখন সাড়ে তিন শ থেকে চার শ টাকার মতো। কিন্তু সোনালি মুরগির কেজি ২২০ টাকা। একইভাবে এক কেজি গরুর মাংস ৩৮০ টাকা আর মহিষের মাংস ২৫০ টাকায় বিক্রি হয়। বাজারে খাসির মাংসের দাম এখন সাড়ে পাঁচ শ টাকা, আর ভেড়ার মাংস সাড়ে তিন শ টাকা।
ক্রেতাদের চাহিদা থাকায় এই মাংস বিক্রেতারা গরুর বদলে মহিষ আর খাসির পরিবর্তে ভেড়ার মাংস বিক্রি করেন। বিক্রেতাদের লাভ হলেও ক্রেতারা প্রতারণার শিকার হচ্ছেন। এ জন্য বিক্রেতাদের জরিমানা করা হয়েছে।