দেশে এসে খুন হলেন যুক্তরাষ্ট্র প্রবাসী নারী
গাজীপুরের টঙ্গীর মধ্য আরিচপুর এলাকায় যুক্তরাষ্ট্র প্রবাসী এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা বাসা ভাড়া নেওয়ার কথা বলে বাড়িতে ঢুকে তাঁকে কুপিয়ে হত্যা করে বলে নিহতের স্বজনেরা জানিয়েছেন।
নিহত মনোয়ারা বেগম (৬০) টঙ্গীর মধ্য আরিচপুর এলাকার আবুল বাশারের স্ত্রী।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, মধ্য আরিচপুর আবাসিক এলাকার বাসিন্দা আবুল বাশার দীর্ঘদিন ধরে স্ত্রী ও পাঁচ ছেলেমেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। এই এলাকায় আবুল বাশারের একটি পাঁচতলা ভবন আছে। ছেলে ও মেয়ের বিয়ের জন্য গত সোমবার দেশে আসেন তাঁরা। দেশে এসে ভবনটির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকছেন তিনি।
আবুল বাশারের ভবনের তৃতীয় তলায় একটি ও পঞ্চম তলায় আরেকটি ফ্ল্যাট খালি ছিল। আজ দুপুরে এক ব্যক্তি বাসা ভাড়া নিতে আসেন। ওই ব্যক্তি বাড়ির মালিকের স্ত্রী মনোয়ারা বেগমকে নিয়ে তৃতীয় তলার পশ্চিম দিকের ফ্ল্যাটটি দেখতে যান। অনেক সময় পার হয়ে গেলেও মনোয়ারা ফিরে না আসায় তাঁর মেয়ে খোঁজ নিতে যান। পরে তিনি ওই ফ্ল্যাটে তাঁর মাকে রক্তাক্ত অবস্থায় দেখে চিৎকার দেন। আশপাশের লোকজন মনোয়ারা বেগমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, ওই নারীকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসক নিশ্চিত করেছেন।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার প্রথম আলোকে বলেন, বাসা ভাড়া নেওয়ার কথা বলে অজ্ঞাত দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে। পরে ওই নারীকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তার করতে অভিযান শুরু করেছে।