দেশে ফিরে লাশ হলেন প্রকৌশলী তৌহিদুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবারের কাউকে না জানিয়ে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছিলেন প্রকৌশলী তৌহিদুর রহমান। কিন্তু হজরত শাহজালাল বিমানবন্দর থেকে বাড়ি ফেরার আগেই লাশ হলেন তিনি।
রাজধানীর দক্ষিণখানের জামতলায় রেললাইনের পাশ থেকে গতকাল মঙ্গলবার ভোরে প্রকৌশলী তৌহিদুরের রক্তাক্ত দেহ উদ্ধার করেন স্থানীয় কয়েক ব্যক্তি। কয়েকটি হাসপাতাল ঘুরে তাঁকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান। দুপুরে পুলিশ ওই হাসপাতাল থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
পুলিশ বলছে, ট্রেনের ধাক্কায় আহত হতে পারেন তৌহিদুর। তবে তিনি কাছের বিমানবন্দর স্টেশনের প্রায় এক কিলোমিটার দূরে ওই স্থানে কীভাবে, কেন গেলেন এবং ঘটনাটি নিছক দুর্ঘটনা না অন্য কিছু, এসব খতিয়ে দেখা হচ্ছে।
পারিবারিক সূত্র জানায়, তৌহিদুরের গ্রামের বাড়ি ঝিনাইদহ সদরের হামদহ এলাকায়। ঝিনাইদহ ক্যাডেট কলেজ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগের প্রাক্তন ছাত্র তৌহিদুর ২০১৩ সালে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নিয়ে সিঙ্গাপুরে যান। দুই মাস আগে দেশে ফিরে বিয়ে করেন। বিয়ের এক সপ্তাহ পর আবার সিঙ্গাপুরে চলে যান। দেশে এলে ঝিনাইদহেই থাকতেন।
তৌহিদুরের ভাই ওয়াহিদুর রহমান ঢাকা মেডিকেলে সাংবাদিকদের জানান, কাউকে না জানিয়ে গত সোমবার রাত ১০টার দিকে সিঙ্গাপুর থেকে ঢাকায় আসেন তৌহিদুর। এর প্রায় ছয় ঘণ্টা পর গতকাল ভোর চারটার দিকে দক্ষিণখানের জামতলায় রেললাইনের পাশে তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। তাঁরা তাঁকে উত্তরার দুটি হাসপাতালে নিয়ে যান। এরপর নিয়ে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। উদ্ধারকারীরা তাঁর মুঠোফোনে থাকা নম্বরে ফোন করে ঘটনাটি পরিবারকে জানালে স্বজনেরা ঢাকা মেডিকেলে যান। তাঁরা সেখান থেকে তাঁকে পান্থপথে স্কয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করান। সেখানেই বেলা ১১টার দিকে তৌহিদুর মারা যান। ঢাকা মেডিকেলের সূত্র জানায়, তৌহিদুরের মাথার পেছনে ও গলায় জখমের চিহ্ন আছে।
কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, তৌহিদুর ট্রেনের ধাক্কায় আহত হয়েছেন বলে দক্ষিণখান থানার পুলিশ তাঁকে জানিয়েছে। যে জায়গায় তাঁর রক্তাক্ত দেহ পাওয়া গেছে, নিকটবর্তী বিমানবন্দর রেলস্টেশন থেকে ওই স্থানের দূরত্ব প্রায় এক কিলোমিটার।
দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান বলেন, যেখান থেকে তৌহিদুরের দেহ লোকজন উদ্ধার করেছেন, সেখান থেকে ট্রেনে ওঠা-নামা করা যায় না। তাঁর কাছে দুটি মুঠোফোন, চার্জার, দুটি পাসপোর্ট ছাড়া কিছু পাওয়া যায়নি। তিনি কীভাবে, কেন ওই স্থানে গেলেন এবং কীভাবে ট্রেনের ধাক্কা খেলেন, সে বিষয়ে কোনো সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
তৌহিদুরের স্বজনেরা জানান, তাঁরাও বুঝতে পারছেন না, কীভাবে তাঁর মৃত্যু হলো।