হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকেন্দ্রিক সোনা চোরাচালানে জড়িত ৩০টি চক্রের সন্ধান পেয়েছে বলে দাবি করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর মধ্যে ২৩টি দেশে থেকে ও সাতটি বিদেশে থেকে তৎপরতা চালায়।
দেশীয় ২৩টি চক্রের মধ্যে ১১টি সরাসরি এবং ১২টি চক্র মানি এক্সচেঞ্জ কোম্পানির আড়ালে সোনা চোরাচালান করছে বলে পুলিশ দাবি করেছে। ১১ চক্রের মধ্যে ঢাকায় সাতটি, চট্টগ্রামে তিনটি ও সিলেটে একটি চক্র রয়েছে। ইতিমধ্যে তিনটি মানি এক্সচেঞ্জ কোম্পানির মালিককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন: পল্টনের আমিন মানি এক্সচেঞ্জের মালিক শামসুদ্দিন, সিটি মানি এক্সচেঞ্জের মালিক কামরুল ইসলাম ও উত্তরার ফারহান মানি এক্সচেঞ্জের মালিক হারুন অর রশীদ।
গত ২৬ এপ্রিল শাহজালাল বিমানবন্দরে ১০৫ কেজি ও ১২ নভেম্বর দুই কেজি ৬০০ গ্রাম সোনা উদ্ধারের মামলা তদন্ত করতে গিয়ে এসব তথ্য বেরিয়ে এসেছে বলে ডিবি সূত্র জানিয়েছে।
সোনা উদ্ধার-সংক্রান্ত কয়েকটি মামলার তদন্ত কর্মকর্তা ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিনহাজুল ইসলাম প্রথম আলোকে জানান, এসব মানি এক্সচেঞ্জের মালিকেরা গোয়েন্দা নজরদারিতে আছেন। যেকোনো সময় তাঁদের আইনের আওতায় নেওয়া হবে। তিনি জানান, বিমানবন্দর দিয়ে এসব চক্রের সোনা পাচারে বেসামরিক বিমান পরিবহন (সিভিল অ্যাভিয়েশন) কর্তৃপক্ষ, শুল্ক বিভাগ ও বাংলাদেশ বিমানের একশ্রেণির কর্মকর্তা-কর্মচারী সহায়তা করে থাকেন। ডিবির অনুসন্ধানে এসব প্রতিষ্ঠানের অনেকের নাম পাওয়া গেছে।
বিদেশে বসে সোনা চোরাচালানে যুক্ত সাতটি চক্রই দুবাইকেন্দ্রিক। দুবাইয়ে অবস্থানরত চক্রের প্রধানেরা হলেন: মামুন আল আজাদ ওরফে সুমন, শফিউল আজম পিন্টু, শফিউল আজম মিন্টু, এমরান হোসেন, শাহীন, হাসান ও আব্বাস। চারটি মামলায় আসামিদের করা ১৬৪ ধারার জবানবন্দিতে এঁদের নাম এসেছে।
ডিবির কর্মকর্তারা জানান, শুল্ক, বেসামরিক বিমান পরিবহন ও বিমানের জড়িত কর্মকর্তা-কর্মচারীরা ১০ তোলা ওজনের এক একটি বার বিমানবন্দরে বাইরে এনে দিলে এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা পান। আর মানি এক্সচেঞ্জের মালিকেরা সোনা হাতবদলে মধ্যস্থতা করেই লভ্যাংশ পান।
তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র জানায়, দুবাই থেকে সোনার চালানগুলো বাংলাদেশে আসার পর সীমান্ত দিয়ে ভারতে চলে যায়। সেখানে এসব সোনা থেকে গয়না তৈরি হওয়ার পর আবার চলে যায় দুবাইয়ে। ভারতে সোনা পাচারে যুক্ত ব্যক্তিরা প্রতি ভরিতে লাভ করেন পাঁচ হাজার টাকার মতো।
সোনা উদ্ধারের ঘটনায় হওয়া মামলাগুলোর তদন্ত তদারক কর্মকর্তা ডিবির উপকমিশনার শেখ নাজমুল আলম বলেন, বাংলাদেশীয় চোরাচালানি চক্রকে ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। তাদের শিগগিরই আইনের আওতায় আনা হবে। আর দুবাইয়ে অবস্থানরত বাংলাদেশি চোরাচালানিদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত হয়েছে। যেহেতু তাঁরা বাংলাদেশি নাগরিক, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বিমানের চেয়ারম্যানের কথিত ধর্মপুত্র পলাশ ছাড়াও রিমান্ডে থাকা বিমানের চিফ অব প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং ক্যাপ্টেন আবু মোহাম্মদ আসলাম শহীদ, ফ্লাইট সার্ভিস শাখার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এমদাদ হোসেন ও ব্যবস্থাপক (শিডিউলিং) তোজাম্মেল হোসেন এবং মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী হারুন অর রশিদকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে বলে দাবি করেছেন তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা। গতকাল শুক্রবার তাঁদের রিমান্ডের দ্বিতীয় দিন পার হয়েছে। রিমান্ডে তাঁরা বলেছেন, পলাশকে অর্থের বিনিময়ে ব্যবহার করে চেয়ারম্যানের কাছ থেকে প্রয়োজনীয় সুবিধা নিয়েছেন তাঁরা। আর মানি এক্সচেঞ্জের মালিক হারুন অর রশীদ বিমানবন্দরের বাইরে সোনা আনা নিয়ন্ত্রণ করতেন।