দেশে সশস্ত্র জিহাদের ভাবনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সিঙ্গাপুরে গ্রেপ্তার হওয়া ২৬ বাংলাদেশি নিজের দেশে সশস্ত্র জিহাদের কথা ভাবছিলেন। তাঁরা বাংলাদেশে জঙ্গিগোষ্ঠীর কাছে টাকাও পাঠিয়েছেন বলে জানিয়েছে সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এসব ব্যক্তিকে গ্রেপ্তার করে দেশে ফেরত পাঠানোর এক মাসের বেশি সময় পর গতকাল বুধবার তাঁদের নাম ও ছবি সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাতে বলা হয়, জঙ্গি-সংশ্লিষ্টতার অভিযোগে গত বছরের ১৬ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে ২৭ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে সিঙ্গাপুর পুলিশ। তাঁদের মধ্যে ২৬ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। বাকি একজন সিঙ্গাপুরের কারাগারে আছেন। তিনি ২৬ জনের দলে ছিলেন না, তবে উগ্র মতাদর্শের দীক্ষা নেওয়ার পথে ছিলেন এবং একজন উগ্রপন্থী ধর্মগুরুর সহযোগী ছিলেন।
ওয়েবসাইটে দেওয়া সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে ফেরত পাঠানো ওই ২৬ জন উগ্র মতাদর্শী সংঘবদ্ধ একটি গোষ্ঠীর পাঠচক্রে যুক্ত ছিলেন। তাঁরা সপ্তাহে একবার মিলিত হয়ে সশস্ত্র জিহাদ নিয়ে আলোচনা করতেন। বাংলাদেশে সশস্ত্র জিহাদের কথা ভাবতেন। তবে সিঙ্গাপুরে কোনো জঙ্গি হামলার পরিকল্পনা তাঁদের ছিল না। দীর্ঘদিন নজরদারির পর তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাজের অনুমতি বাতিল করে দেশে ফেরত পাঠানো হয়। বিষয়টি বাংলাদেশের কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল প্রথম আলোকে বলেন, এসব ব্যক্তির বিরুদ্ধে সিঙ্গাপুর সরকারের আনা অভিযোগ পুলিশ তদন্ত করে দেখছে। তবে স্বরাষ্ট্রসচিব মোজাম্মেল হক খান বলেছেন, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি।
সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার হওয়া এসব ব্যক্তি কয়েকটি ইসলামি দল ও তাদের নেতাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের ব্যবস্থা নেওয়ার বিষয়েও ক্ষুব্ধ ছিলেন। তাঁদের পাঠচক্রে দেশে ফিরে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সশস্ত্র জিহাদের জন্য উৎসাহিত করা হতো। তবে তাঁরা অন্য বাংলাদেশিদের দলে ভেড়ানোর ক্ষেত্রে সাবধানী ছিলেন। তাঁদের কাছ থেকে জিহাদবিষয়ক বিভিন্ন বই, জঙ্গি প্রশিক্ষণের ভিডিও পাওয়া গেছে।
২৭ বাংলাদেশি সিঙ্গাপুরের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি ছিল বলে দেশটির প্রধানমন্ত্রী লি সিয়েন লুং গতকাল রাতে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সিঙ্গাপুরের স্ট্রেইটস টাইমস অনলাইনে এ পোস্টের উল্লেখ করা হয়েছে। এতে লি সিয়েন লুং বলেন, ‘আপনারা হয়তো ইতিমধ্যে পড়েছেন ২৭ বাংলাদেশি শ্রমিককে অভ্যন্তরীণ নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা উগ্রবাদে জড়িয়ে পড়েছিল এবং সশস্ত্র সহিংসতার পরিকল্পনা করছিল। তারা বাংলাদেশ ও অন্যান্য দেশে অনিষ্টকর কার্যকলাপের পরিকল্পনা করছিল। যদিও সিঙ্গাপুর তাদের লক্ষ্যস্থল ছিল না, তবু তারা আমাদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি ছিল।’
প্রধানমন্ত্রী লি এই পোস্টে আরও বলেছেন, ‘আমরা আমাদের নিরাপত্তা জোরদার করছি। আমাদের ধর্মীয় ও জাতিগত সহাবস্থান বজায় রাখতে কাজ করছি। উগ্রবাদ ও সন্ত্রাসবাদ কখনো সিঙ্গাপুরে শিকড় গাড়তে পারবে না।’
সিঙ্গাপুর কর্তৃপক্ষ বলছে, এসব ব্যক্তি আল-কায়েদার নেতা আনওয়ার আল-আওলাকির (ইয়েমেনে মার্কিন ড্রোন হামলায় নিহত) উগ্র মতাদর্শে বিশ্বাসী। আল-কায়েদা এবং সিরিয়া-ইরাকভিত্তিক ইসলামিক স্টেটের (আইএস) সশস্ত্র জিহাদের মতাদর্শকে সমর্থন করে। তাঁরা সিঙ্গাপুর কর্তৃপক্ষের নজরদারি থেকে বাঁচার জন্য পদক্ষেপও নিয়েছিলেন। ওই দলের কয়েকজন সদস্য বিশ্বাস করেন যে ইসলামের পক্ষে তাঁদের সশস্ত্র জিহাদে অংশগ্রহণ করা উচিত। তাঁদের কয়েকজন মধ্যপ্রাচ্যে গিয়ে সশস্ত্র জিহাদে অংশ নেওয়ার কথাও ভাবছিলেন। জঙ্গিগোষ্ঠীগুলো যেসব ভয়াবহ হামলা চালিয়ে শিয়াদের হত্যা করছে, সেটা এঁদের কয়েকজন সমর্থন করেন। তাঁদের মতে, শিয়ারা ভিন্নমতাবলম্বী।

.
.

গত বছরের ১৬ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে গ্রেপ্তার করে এই ২৬ জনকে দেশে ফেরত পাঠানো হলেও বিষয়টি ঢাকায় খুব একটা প্রকাশ পায়নি। সিঙ্গাপুর কর্তৃপক্ষও কেন এত দেরিতে এ খবর প্রকাশ করল, এ বিষয়ে জানতে চাইলে ওই দেশে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মাহবুব উজ-জামান প্রথম আলোকে বলেন, সব তথ্য একত্র করে তবেই তারা বিবৃতি দিয়েছে। তার আগে সিঙ্গাপুর কর্তৃপক্ষ বিষয়টি বাংলাদেশ হাইকমিশনকে অবগত করেছে।
হাইকমিশনার বলেন, এঁদের কর্মকাণ্ডের ব্যাপারে নিশ্চিত হওয়ার পর সিঙ্গাপুর থেকে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর কয়েক দফায় তাঁদের ঢাকায় পাঠানো হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বলছে, দেশে ফেরত পাঠানোর পর ২৬ জনকে আটক করা হয়েছিল। তাঁদের মধ্যে ১২ জনের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার তেমন কোনো প্রমাণ মেলেনি। তাঁদের পরিবারের জিম্মায় ছেড়ে দিয়ে নজরদারিতে রাখা হয়েছে। বাকি ১৪ জনের বিরুদ্ধে গত ২১ ডিসেম্বর উত্তরা পূর্ব থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে ডিবি। দু-তিনজন করে তাঁদের পর্যায়ক্রমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখনো কয়েকজনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে বলে ডিবির উপকমিশনার মাশরুকুর রহমান খালেদ গতকাল প্রথম আলোকে জানান।
জিজ্ঞাসাবাদ-সংশ্লিষ্ট একজন ডিবি কর্মকর্তা বলেন, ফেরত পাঠানো এসব ব্যক্তি সিঙ্গাপুরে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। তাঁরা বাংলাদেশের আনসারুল্লাহ বাংলা টিমের অনুসারী ছিলেন। আনসারুল্লাহর নেতা মুফতি জসীমউদ্দীন রাহমানির বয়ান শুনতেন।
ঢাকায় দায়ের করা মামলায় বলা হয়, আসামিরা সিঙ্গাপুরের মোস্তফা মার্টের কাছে অ্যাঙ্গোলিয়া মসজিদে জড়ো হয়ে বাংলাদেশে জঙ্গি কার্যক্রম পরিচালনার জন্য সদস্য, অর্থ সংগ্রহসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন। ওই মসজিদে প্রতি রোববার সন্ধ্যায় তাঁরা একত্র হয়ে জিহাদি বক্তব্য, বয়ান ও জিহাদি ভিডিও দেখতেন। সিঙ্গাপুর পুলিশের কাছে এই জঙ্গি কার্যক্রমের বিষয়টি প্রকাশ পাওয়ার পর তাঁদের আটক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।
গ্রেপ্তার হওয়া ১৪ জন হলেন টাঙ্গাইলের আমিনুর (৩১), আবদুল আলিম (৩৩) ও শাহ আলম (২৮); কুমিল্লার গোলাম জিলানী (২৬), নুরুল আমিন (২৬) ও মাহমুদুল হাসান (৩০); ব্রাহ্মণবাড়িয়ার জাফর ইকবাল (২৭); ঝিনাইদহের আকরাম হোসেন (২৭); চুয়াডাঙ্গার আবদুল আলী (৪০); পাবনার আশরাফ আলী (২৭); ঢাকার সাইফুল ইসলাম (৩৬); কুড়িগ্রামের মাহবুব আলম (৩৪); চাঁপাইনবাবগঞ্জের ডলার পারভেজ (৩৫) ও মুন্সিগঞ্জের মোহাম্মদ জসিম (৩৩)।
বাকি ১৩ জন হলেন খুরশীদ আলম (২৭), মোফাজ্জল হক (২৯), মো. ফারুক হোসেন (৩০), মো. সজীব হোসেন (২৫), শেখ খোরশেদ আলী জুয়েল (৩৯), আল মামুন (২৭), মো. রেজাউল করিম (২৯), মো. আমজাদ হোসেন (৩৪), মো. ফয়েজ উদ্দিন (৩২), সরদার পলাশ (৩৩), সুজন শাহ আলম (৩৫), সুমন মো. জাকারিয়া হোসেন (২৫) ও রেজাউল হোসাইন (৪০)। এঁদের মধ্যে সিঙ্গাপুরের কারাগারে থাকা ব্যক্তিও রয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যেভাবে উগ্রমতাদর্শ ছড়াচ্ছে, সে সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা নাই। তবে উদ্বেগের বিষয় হচ্ছে, তাঁদের এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব সরাসরি বাংলাদেশের নিরাপত্তার ওপর পড়বে।’