দেশে হামলার পরিকল্পনায় ছিলেন সেই ব্যবসায়ী!
মালয়েশিয়ায় গ্রেপ্তারের পর ফেরত পাঠানো বাংলাদেশি দেশে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিলেন। মালয়েশিয়ার কর্তৃপক্ষ এমনটাই মনে করছে। আজ শুক্রবার মালয়েশিয়ার দ্য স্টার অনলাইন এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আইএসসহ আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বাংলাদেশসহ তিনটি দেশের তিনজন নাগরিককে গ্রেপ্তার করে সম্প্রতি নিজ নিজ দেশে ফেরত পাঠায় মালয়েশিয়ার কর্তৃপক্ষ।
মালয়েশিয়ার পুলিশ জানায়, ৩৭ বছর বয়সী রেস্তোরাঁ ব্যবসায়ী বাংলাদেশিকে গত ১৯ আগস্ট গ্রেপ্তার করা হয়। ২ সেপ্টেম্বর তাঁকে দেশে ফেরত পাঠানো হয়।
সূত্রের বরাত দিয়ে দ্য স্টার অনলাইন জানায়, ওই বাংলাদেশি মালয়েশিয়ার পর্যটনকেন্দ্র বুকিত বিনতাংয়ে রেস্তোরাঁ চালাতেন। সেখানে গুলশান হামলায় জড়িত সন্দেহভাজন এক জঙ্গির সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছিল। ওই জঙ্গির নাম আন্দালিব আহমেদ।
সূত্রের ভাষ্য, ওই বাংলাদেশি ব্যবসায়ী তাঁর দেশের আরও অনেকের সঙ্গে নিয়মিত বৈঠক করতেন। কর্তৃপক্ষ মনে করছে, তিনি বাংলাদেশে হামলার পরিকল্পনা করছিলেন।
বাংলাদেশে একে-৪৭ রাইফেল চোরাচালানে ওই ব্যবসায়ী সম্পৃক্ত ছিলেন বলেও সূত্র জানিয়েছে।
খবরে ওই আন্দালিব সম্পর্কে বলা হয়, মালয়েশিয়ায় মোনাশ ইউনিভার্সিটিতে পড়তেন তিনি। ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত মালয়েশিয়ায় ছিলেন। পরে তুরস্কের ইস্তাম্বুলে চলে যান।