দেশের জায়গা লন্ডনে বসে কেনাবেচা বাবা-ছেলে জেলে
দেশের জায়গা লন্ডনে বসে কেনাবেচা করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্থ পাচার আইনে দায়ের করা মামলায় সিলেটে লন্ডনপ্রবাসী ছেলেসহ ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে দুদকের একটি দল বিমানবন্দর থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের সৈয়দেরগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুন্দর আলী (৫২) ও তাঁর লন্ডনপ্রবাসী ছেলে শিপন মিয়া (৩২)।
দুদক জানায়, সম্প্রতি ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের সৌহিদপুর ইউনিয়নের লন্ডনপ্রবাসী এক ব্যক্তির কাছ থেকে তিনটি দলিলের মাধ্যমে ওই এলাকায় তিন দশমিক দুই একর জায়গা কেনেন ইউপি চেয়ারম্যান সুন্দর আলী। জায়গা কেনার ৩ কোটি ৮৩ লাখ টাকা লন্ডনে বসে পরিশোধ করেন শিপন মিয়া। এ কারণে সরকার রাজস্ব হারিয়েছে। এ ঘটনায় ওই এলাকারই বাসিন্দা রুহুল আমিন দুদক আইনে সিলেটে দুদক আঞ্চলিক কার্যালয়ে মামলা দায়ের করেন।
দুদক সিলেটের পরিচালক মো. আবুল হাসান বলেন, রাজস্ব হারিয়েছে সরকার, যা অর্থ পাচার আইনে অপরাধ। দুজনের বিরুদ্ধে অর্থ পাচার আইনে মামলা হলে শিপন গতকাল দেশ ছেড়ে যাওয়ার চেষ্টায় ছিলেন। এ খবর পেয়ে দুজনকে আটকের পর অর্থ পাচার আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।