দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই হামলা
বাংলাদেশের জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন এবং বহির্বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই গুলশানে হামলা চালানো হয়। এ হামলায় বিদেশি পিস্তল, সেমি অটোমেটিক রাইফেল, ছোরাসহ হাতবোমা ব্যবহার করা হয়। পুলিশের সঙ্গে দুই দফা গোলাগুলি হয়। সর্বশেষে সেনা কমান্ডোরা অভিযান চালান।
১ জুলাই রাতে গুলশান ২ নম্বরে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় করা মামলায় এ কথা বলা হয়েছে। ৪ জুলাই গুলশান থানার উপপরিদর্শক (এসআই) রিপন কুমার দাস বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ (সিটি)।
তদন্ত–সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, ২ জুলাই সেনা কমান্ডোর নেতৃত্বে সমন্বিত অভিযানে পাঁচ জঙ্গি মারা গেলেও এর পেছনের ব্যক্তি ও মদদদাতাদের খোঁজা হচ্ছে।
জঙ্গি নিহত হওয়ার পর পুলিশ সদর দপ্তর তাঁদের নাম আকাশ, বিকাশ, ডন, বাঁধন ও রিপন বলে জানিয়েছিল। অবশ্য গুলশান থানায় দায়ের করা মামলায় তাঁদের নাম লেখা হয় মীর সামেহ মোবাশ্বের (১৯), রোহান ইমতিয়াজ (২০), নিবরাস ইসলাম (২০), মো. খায়রুল ইসলাম পায়েল (২০), মো. শফিকুল ইসলাম উজ্জ্বল ওরফে বিকাশ (২৬) ও সাইফুল চৌকিদার।
মামলায় বলা হয়, অজ্ঞাতনামা নিষিদ্ধঘোষিত জেএমবি ও তাদের সমর্থনপুষ্ট ও অন্য সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের অর্থ, অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্যাদি দিয়ে প্রশিক্ষণ ও পরামর্শের মাধ্যমে সহায়তা ও প্ররোচনা দিয়ে পাঁচ জঙ্গি ও এক রেস্তোরাঁকর্মীকে দিয়ে হামলা করিয়েছে। নিহত সন্ত্রাসীদের মধ্যে পাঁচজন নিষিদ্ধঘোষিত জেএমবি সংগঠনের সক্রিয় সদস্য ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত এবং অপরজন সাইফুল চৌকিদার রেস্তোরাঁর কর্মচারী হলেও তিনি ঘটনার সময় সন্ত্রাসীদের সঙ্গে থেকে তাদের সহায়তা করেন। প্রত্যক্ষ সাক্ষী এবং জিম্মি থেকে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিরা তাদের দেখে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেন।
মামলার বিবরণে বলা হয়, ১ জুলাই রাত নয়টার দিকে গুলশান অঞ্চলের সহকারী কমিশনার মো. রফিকুল ইসলাম বেতারযন্ত্রে গুলশান ৭৯ নম্বর রোডে হলি আর্টিজান রেস্তোরাঁয় গোলাগুলি হচ্ছে জানিয়ে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) রিপন কুমার দাসকে ৭১ নম্বর রোড থেকে ৯২ পর্যন্ত সড়ক ও আশপাশের কর্তব্যরত পুলিশ সদস্যদের নিয়ে দ্রুত সেখানে যেতে বলেন। সেখানে গেলে দেখা যায়, রেস্তোরাঁর ভেতরে অস্ত্রধারী সন্ত্রাসীরা আল্লাহু আকবর বলে এলোপাতাড়ি গুলিবর্ষণ ও বোমা নিক্ষেপ করছে। লোকজন এদিক–সেদিক ছোটাছুটি করছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ করে গ্রেনেড ও এলোপাতাড়ি গুলি ছুড়ছে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। ইতিমধ্যে গুলশান থানার এসআই ফারুক হোসেন তাঁর দল নিয়ে সেখানে গেলে সন্ত্রাসীদের সঙ্গে তাদের গোলাগুলি হয়। একপর্যায়ে সন্ত্রাসীদের গুলি ও গ্রেনেডের আঘাতে এসআই ফারুক, দুজন কনস্টেবলসহ আহত হন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়।
বিষয়টি তাৎক্ষণিকভাবে রিপন কুমার দাস বেতারযন্ত্রের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) এস এম মোস্তাক আহমেদ খান, ওই বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আবদুল আহাদ ও এডিসি মানস কুমার পোদ্দারের নেতৃত্বে পুলিশের একটি বড় দল হলি আর্টিজান রেস্তোরাঁয় গিয়ে চারদিকে ঘিরে ফেলে। পরে গুলশান বিভাগের ডিসির নির্দেশে ওই বিভাগের সব ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ দল নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় সন্ত্রাসীদের নিবৃত্ত করার চেষ্টা করলে তারা অনবরত পুলিশের ওপর গুলি ছুড়তে থাকে। ইতিমধ্যে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রায় সব বিভাগ, ডিএমপির বিশেষায়িত ইউনিট সোয়াট ও র্যাব ঘটনাস্থলে যায়। পরে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ও ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার নেতৃত্বে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
সন্ত্রাসীদের গ্রেপ্তার ও জিম্মি থাকা দেশি-বিদেশি নাগরিকদের উদ্ধারে পুলিশ সদস্যরা অগ্রসর হলে তারা পুলিশের দিকে অনবরত গুলি ছুড়তে থাকে। পুলিশ জানমাল রক্ষার্থে পাল্টা গুলি চালায়। রাত সাড়ে ১০টার দিকে হলি আর্টিজান রেস্তোরাঁটির পশ্চিম দিকে ৭৯ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে অবস্থানরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করে। এতে ডিএমপির অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসানসহ পুলিশের ৩৩ সদস্য আহত হন। যদিও তাঁদের মধ্যে একজনের নাম মামলায় উল্লেখ করা হয়নি। আহত ব্যক্তিদের ইউনাইটেড হাসপাতালে নেওয়ার পর রাত ১১টা ২০ মিনিটে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন খান মারা যান। এর কিছুক্ষণ পর ডিএমপির গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার রবিউল করিম মারা যান।
মামলায় আরও বলা হয়, ২ জুলাই সকাল ৭টা ৪০ মিনিটে সেনাবাহিনীর প্যারা কমান্ডোরা জিম্মিদের উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চালান। এ সময় উভয় পক্ষের মধ্যে প্রচণ্ড গুলিবিনিময় হয়। একপর্যায়ে কমান্ডো ব্যাটালিয়ন দেশি–বিদেশি ১৩ জিম্মিকে উদ্ধার করে। এর আগে পুলিশ দুজন বিদেশিসহ ১৯ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে।
পরে পুলিশ হলি আর্টিজান রেস্তোরাঁ থেকে দেশি-বিদেশি ২০ জন এবং ৬ সন্ত্রাসীর লাশ উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী হাফিজুল আমিনের উপস্থিতিতে গুলশান থানার এসআই আসাদুজ্জামান মিয়া ঢাকা মেডিকেল কলেজ মর্গে পুলিশ কর্মকর্তা সালাউদ্দিন খান ও রবিউলের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি ও পরে ময়নাতদন্ত করা হয়। এ ছাড়া সিএমএইচে দেশি-বিদেশি ২০ নাগরিকের লাশের ময়নাতদন্ত করা হয়।
মামলার তদন্ত: মামলার তদন্ত–সংশ্লিষ্ট সূত্র জানায়, সন্দেহভাজন রেস্তোরাঁর কর্মী জাকিউর রহমান এখনো ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। সুস্থ হয়ে উঠলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।
মামলাটি এখন তদন্ত করছে ডিএমপির কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ (সিটি)। এ ঘটনার ছায়া তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), র্যাব ও তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত–সংশ্লিষ্ট সূত্র জানায়, হামলাকারী পাঁচ জঙ্গি মারা গেলেও তাদের পেছনের ব্যক্তি ও মদদদাতা কারা সেটি খোঁজা হচ্ছে। তবে এটি সময়সাপেক্ষ ব্যাপার বলে মনে করছে পুলিশ। ইতিমধ্যে গুলশান-২–এর ৭৮, ৭৯ নম্বরসহ গোটা গুলশানের ক্লোজড সার্কিট ক্যামেরার (সিসি) ভিডিও ফুটেজ জব্দ করা হয়েছে। সেটি ধরে হামলায় আর কারা জড়িত ছিল, তা শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। এ ছাড়া হামলার ঘটনায় রেস্তোরাঁকর্মী, জিম্মিকারী ও আশপাশের অর্ধশতাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্ত–সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ঘটনার প্রত্যক্ষদর্শী আটজনকে উদ্ধারের পর দুদিন ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। শুক্রবার সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে হাসনাত আর করিম ও তাহমিদ হাসিবের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। প্রয়োজন হলে তাঁদের ডিবি কার্যালয়ে আবার ডেকে আনা হবে। এর মধ্যে হাসনাত করিমের গতিবিধি সন্দেহজনক ছিল।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা সিটির প্রধান ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, হাসনাত করিমের কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। এ তথ্য মামলার তদন্তকাজে লাগছে। তিনি বলেন, এ মামলায় এখনো কাউকে গ্রেপ্তার দেখানো হয়নি। পাঁচজনের বাইরে হামলায় অন্তত আরও দু-তিনজন অংশ নিয়েছে বলে তিনি জানান।
সিটির প্রধান মনিরুল ইসলাম বলেন, অভিযানের সময় পাঁচ জঙ্গি ছাড়াও রেস্তোরাঁকর্মী সাইফুল চৌকিদার নিহত হন। নিহত হওয়ার আগে সাইফুল জঙ্গিদের সহায়তা করছিলেন ভিডিও ফুটেজে এমন দৃশ্য দেখা গেছে। এ হামলার পেছনের ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে। সিটির ভারপ্রাপ্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, হামলায় ইসলামিক স্টেটের (আইএস) কোনো যোগসূত্র ছিল কি না, তা–ও খতিয়ে দেখা হচ্ছে।
জঙ্গি হামলার পর গুলশানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তাচৌকির পাশাপাশি সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানো হয়েছে। গতকালও হলি আর্টিজান রেস্তোরাঁ ঘিরে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রেস্তোরাঁ–সংলগ্ন সড়কের মাথায় গতকালও নিহত ব্যক্তিদের স্মরণে ফুল দেন।
তিন দেশের সহায়তা নেওয়া হবে: গুলশানে হলি অর্টিজান রেস্তোরাঁয় হামলার ঘটনায় তদন্তের স্বার্থে তিন দেশের রাসায়নিক ও কারিগরি পরীক্ষায় সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। গতকাল দুপুরে ডিএমপি কমিশনার তাঁর কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, জঙ্গি হামলার এ মামলা তদন্তে সিটি ও ডিবির যথেষ্ট সক্ষমতা আছে। তবে রাসায়নিক ও কারিগরি পরীক্ষাগার দেশে নেই। তাই আলামত পরীক্ষা-নিরীক্ষা করতে সিঙ্গাপুর, ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশে ভবিষ্যতে যাতে এ ধরনের হামলার ঘটনা আর না ঘটে, সে জন্য ওয়ে অব অ্যাকশন এবং মুড অব অ্যাকশন ঢেলে সাজানো হবে।
আলামত জব্দ: অভিযানের পর হলি আর্টিজান রেস্তোরাঁ থেকে ৭৪টি আলামত জব্দ করেছে পুলিশ। তার মধ্যে রয়েছে পাঁচটি নাইন এমএম পিস্তল, তিনটি একে ২২ মেশিনগান (সেমি অটোমেটিক রাইফেল) ও সেমি অটোমেটিক রাইফেলের সাতটি ম্যাগাজিন, নাইন এমএম পিস্তলের ম্যাগাজিন ছয়টি, ৭.৬৫ বোরের পিস্তলের ২৮টি গুলি, ৩৫টি সেমি অটোমেটিক রাইফেলের গুলি, সেমি অটোমেটিক রাইফেলের পয়েন্ট ২২ বোরের ৪৪টি গুলি। ১৮ ইঞ্চি লম্বা একটি ছুরি, ৯ ইঞ্চি লম্বা একটি চাকু, ১৩ ইঞ্চি লম্বা চাপাতি, সাড়ে ১৮ ইঞ্চি লম্বা ছোরা। এ ছাড়া ইতালি ও জাপানের একাধিক পাসপোর্ট জব্দ করা হয়েছে।