দোকান কর্মচারী হত্যার ঘটনায় সাতজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বোয়ালখালীর দোকান কর্মচারী আবদুল্লাহ (২২) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করেছে পুলিশ। এই ঘটনায় গত শনিবার সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। পটিয়া থানার পুলিশ এ কথা জানিয়েছে।
নিহত দোকান কর্মচারী আবদুল্লাহর বাড়ি বোয়ালখালীতে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন মোহাম্মদ ইউনুচ ওরফে বাচা (২০), ওসমান (৩৩), মোহাম্মদ ইদ্রিচ ওরফে শেখ মিয়া ওরফে শেকু (২৮), কামাল (২৫) ও ইসমাইল (১৮)। এই ঘটনায় দুজন দোকানিকেও গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন জাগির হোসেন (৩৫) ও আবুল কাসেম (৫৫)।
পুলিশ সূত্র জানায়, পটিয়ায় একটি বিয়ের অনুষ্ঠানের কথা বলে গত ৯ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে কয়েকজন ব্যক্তি বোয়ালখালী উপজেলার কদুরখীল এলাকার একটি মাইকের দোকান থেকে সাউন্ড সিস্টেম ভাড়া করেন। পরে তাঁরা দোকান কর্মচারী আবদুল্লাহসহ প্রায় আড়াই লাখ টাকা মূল্যের সাউন্ড সিস্টেম নিয়ে টেম্পোয় করে পটিয়ার উদ্দেশে রওনা হন। এর পর থেকে আবদুল্লাহর সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরদিন সকালে পটিয়ার কোলাগাঁও সাদাপোল এলাকায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ পাওয়া যায়। পরে আবদুল্লাহর পরিবারের লোকজন মর্গে গিয়ে লাশটি শনাক্ত করেন। এ ঘটনায় পুলিশ পটিয়া থানায় হত্যা মামলা করে।
পুলিশ জানায়, খুনিদের হাতে থাকা আবদুল্লাহর ব্যবহৃত মুঠোফোনের সূত্র ধরে পুলিশ ১৭ অক্টোবর চট্টগ্রামের ফয়’স লেক এলাকা থেকে ইউনুচকে গ্রেপ্তার করে। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ছয়জনকে গ্রেপ্তার করে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহবুদ্দিন খলিফা বলেন, পাঁচ ব্যক্তি আবদুল্লাহকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছেন। ওই ব্যক্তিদের স্বীকারোক্তি অনুযায়ী লুট হওয়া মালামাল হাটহাজারী উপজেলার জাগির হোসেন ও আবুল কাসেমের দোকান থেকে উদ্ধার করা হয়।