দোকান গুঁড়িয়ে দিয়ে জমি দখল আ.লীগ নেতাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতে একাধিক মামলা থাকা সত্ত্বেও ব্রাাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসীমা গ্রামে আওয়ামী লীগের স্থানীয় নেতারা এক ব্যক্তির ১০টি দোকান গুঁড়িয়ে দিয়ে জমিটি দখল করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পৈতৃক সূত্রে ওই জমির মালিক কালিসীমা গ্রামের বাসিন্দা ইদ্রিস মিয়া। ইদ্রিস মিয়া জানান, সদর উপজেলার গোকর্ণঘাট-নবীনগর সড়কের পাশে কালিসীমা গ্রামে নিজ বাড়ির সামনে ১৯৯৬ সালে ৩ শতক জমিতে ওই ১০টি দোকানঘর নির্মাণ করেন তিনি। কয়েক মাস আগে আওয়ামী লীগের স্থানীয় নেতারা দোকানগুলো গুঁড়িয়ে দেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকাল ১০টায় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরজু মিয়া, সভাপতি রুহুল আমিন, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি আবদুল কাইয়ূম ও ইউপি সদস্য মোশারফ মিয়ার নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই জায়গা দখল করতে ইদ্রিসের বাড়িতে হামলা চালান। তাঁরা ইদ্রিসের পরিবারের লোকজনকেৎ বাড়িতে অবরুদ্ধ করে মারধর ও জিনিসপত্র ভাঙচুর করেন। এ ঘটনায় ইদ্রিসের তিন পুত্রবধূ শিরিন আক্তার, ফরিদা ইয়াসমিন, মমতাজসহ কমপক্ষে ১০ জন আহত হন।
জানা গেছে, ৬ এপ্রিল ইদ্রিস সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ ছাড়া গত বছরের ১০ জুন আরজু, রুহুল ও মো. হোসেনের বিরুদ্ধে অতিরিক্ত জেলা হাকিমের আদালতে ১৪৪ ধারায় একটি এবং ১ জুলাই নির্বাহী হাকিমের আদালতে ১০৭ ধারায়
আরেকটি মামলা করেন। এ ছাড়া চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পুলিশ সুপারকে লিখিতভাবে বিষয়টি জানানো হয়।
জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র হেলাল উদ্দিন বলেন, ‘স্থানীয় সাংসদের নির্দেশে বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নিয়েছিলাম। এরই মধ্যে একটি পক্ষ জায়গাটি দখল করে নিয়েছে বলে আমি শুনেছি।’
ইউপি চেয়ারম্যান আবদুল কাইয়ূম জানান, ইদ্রিস ওই জায়গার মালিক নন। গ্রামের উন্নয়নের স্বার্থে ওই জায়গা দখল করা হয়েছে বলে তিনি দাবি করেন।
জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. েহাসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি এসবের কিছুই জানি না।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, ওই জায়গা নিয়ে ১৪৪ ধারার মামলা থাকায় উভয় পক্ষকে আদালতের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।