দোকান বিক্রি করে হাতিয়ে নেওয়া হয় শতকোটি টাকা
নীলক্ষেত রোডের দক্ষিণ পাশে প্রায় ৩২ শতাংশ জায়গার ওপর লম্বালম্বি তুলা মার্কেটের দুটি তিনতলা ভবন। ভবন দুটির নিচতলায় লেপ-তোশকসহ হরেক রকমের ৬০টি দোকান (দুটি মিলে একটি দোকান) রয়েছে। এতে কেনাকাটা করছেন ক্রেতারা। দ্বিতীয় তলায় রয়েছে ১৫০টি দোকান। এর মধ্যে বিসিএস কনফিডেন্স কোচিং সেন্টারকে চারটি দোকান ভাড়া দেওয়া হয়েছে। এই তলায় থাকা নীলক্ষেত সিটি করপোরেশন মার্কেট সমিতির দপ্তর৷ কিন্তু দপ্তরে কাউকে পাওয়া যায়নি। বাকি সব দোকানে শাটার লাগানো। একইভাবে তৃতীয় তলায় ১৫০টি দোকানে শাটার লাগানো দেখা গেছে। দুটি ভবনের মাঝে গার্হস্থ্য অর্থনীতি কলেজের উত্তর ফটকের জন্য প্রায় ২১৬ বর্গফুট জায়গা রাখা রয়েছে। এই ফটকটিই মার্কেটটিকে দুটি ভবনে বিভক্ত করেছে৷
নাম প্রকাশে অনিচ্ছুক তুলা মার্কেটের কয়েকজন দোকানি বলেন, ২০১২ সালে ভবন নির্মাণের আগেই মার্কেটের সব দোকান বিক্রি করেছেন সামছুদ্দিন ও সাখাওয়াত হোসেন৷ প্রতিটি দোকানের জন্য নেওয়া হয়েছে ৩০ থেকে ৩৫ লাখ টাকা৷ তাঁরা ভবন দুটিতে নির্মিত ৪১০টি দোকান বিক্রি করে প্রায় ১০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন৷ মার্কেটটি ভাঙা হলে সব দোকানিকে পথে বসতে হবে৷ তাঁদের জন্য ডিএসসিসি কী ব্যবস্থা করবে, তা-ও তাঁরা জানেন না৷
এই ব্যবসায়ীদের কাছ থেকে নীলক্ষেত সিটি করপোরেশন মার্কেট দোকান মালিক সমিতির বর্তমান সভাপতি মো. বাবুর মুঠোফোন নম্বর সংগ্রহ করেন এই প্রতিবেদক৷ জানতে চাইলে মুঠোফোনে তিনি বলেন, ‘এই মার্কেট নিয়ম অনুযায়ীই নির্মাণ করা হয়৷ তবে রাজস্ব আদায় করছে না ডিএসসিসি৷ কিছু কারণে দ্বিতীয় ও তৃতীয় তলার দোকান চালু করা যাচ্ছে না৷’ এই মার্কেটের আগের সভাপতি ও সাধারণ সম্পাদক সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তাঁদের সঙ্গে তাঁর তেমন যোগাযোগ হয় না৷
সিটি করপোরেশনের মার্কেটগুলো আগে দেখভাল করত সংস্থার সম্পত্তি বিভাগ। কয়েকটি মার্কেট নিয়ে ব্যাপক অনিয়ম-দুর্নীতির পর দায়িত্ব দেওয়া হয় রাজস্ব বিভাগের ওপর। এই বিভাগের এক কর্মকর্তা বলেন, তুলা মার্কেটের নিচতলায় থাকা আগের ৩৫টি দোকান থেকে রাজস্ব আদায় আপাতত বন্ধ রয়েছে।
জানতে চাইলে ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ১৯ অক্টোবর প্রথম আলোকে বলেন, ডিএসসিসির সাবেক কিছুসংখ্যক কর্মকর্তা ওই মার্কেটের জায়গা নিয়ম বহির্ভূতভাবে ভবন নির্মাণে বরাদ্দ দিয়েছিলেন৷ ৩১ অক্টোবর আগের বরাদ্দ বাতিল ও ভবন দুটি ভেঙে ফেলার অনুমোদন দেওয়া হয়েছে। শিগগির উচ্ছেদ অভিযান শুরু হবে। নিম্নপদস্থ তিন কর্মকর্তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়ার বিষয়ে তিনি বলেন, ওই ঘটনায় আদালতে একটি মামলা চলমান রয়েছে৷ কিন্তু কারও বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে কি না, তা তিনি জানেন না৷
রাজউকের সদস্য (উন্নয়ন ও পরিকল্পনা) আবদুর রহমান বলেন, ‘রাজধানীর ভেতর কেউ ভবন নির্মাণ করতে চাইলে রাজউকের অনুমতি দেওয়ার বিধান রয়েছে৷ কিন্তু ডিএসসিসির তুলা মার্কেট নির্মাণে সেটা করেনি। এটি এখন অবৈধ মার্কেট।’