দোকান ভাড়া ১৫ হাজার অগ্রিম সাড়ে তিন লাখ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নিউমার্কেটের ভেতর ফুটপাতের প্রতিটি অস্থায়ী দোকানের ভাড়া মাসে ১৫ হাজার টাকা। আর এসব দোকান ভাড়া নিতে অগ্রিম দিতে হয় সাড়ে তিন লাখ টাকা। মার্কেটের মূল দোকানিরা তাঁদের দোকানের সামনে এভাবেই একটি করে দোকান ভাড়া দিয়েছেন।
গতকাল দুপুরে নিউমার্কেটের ভেতর অবৈধ দোকানপাট উচ্ছেদের সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা শাহিনা খাতুন এসব তথ্য বলেছেন। তিনি প্রথম আলোকে বলেন, নিউমার্কেটের ভেতর আগেও কয়েকবার অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু মার্কেটের মূল দোকানিরা আবার নিজ নিজ দোকানের সামনের ফুটপাতে অবৈধভাবে দোকান বসিয়েছেন। এমন প্রায় ৩০ জন দোকানিকে বিভিন্ন অঙ্কের টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বেলা ১১টার দিকে নীলক্ষেত-নিউমার্কেট মোড়ের সড়কের পশ্চিম পাশ থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় প্রায় ৩০টি অস্থায়ী দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। বেলা সাড়ে ১১টার দিকে নিউমার্কেটের ২ নম্বর ফটক থেকে ঢাকা নিউ সুপার মার্কেট (দক্ষিণ) ভবন পর্যন্ত ৫০টি দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। ৮ থেকে ১০টি দোকানের আসবাব জব্দ করা হয়। দুপুর ১২টার দিকে ঢাকা কলেজের সামনে থেকে সায়েন্স ল্যাব পর্যন্ত আরও ২৫টি অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়। টিচার্স ট্রেনিং কলেজের সামনে থাকা প্রায় ১০টি আসবাবের দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এসব আসবাবের দোকানে দেড় শতাধিক চেয়ার, টেবিল ও চৌকি ছিল। একই সময়ে শাহিনা খাতুনের নেতৃত্বে নিউমার্কেটের ভেতর উচ্ছেদ অভিযান শুরু হয়।
শাহিনা খাতুন বলেন, তিন দিনের মধ্যে নিউমার্কেটের ভেতর থেকে সব অবৈধ দোকান সরিয়ে নিতে দোকানমালিকদের নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তা না করলে উচ্ছেদ অভিযান চালানো হবে।