চট্টগ্রাম নগরের টেরিবাজার এলাকার একটি কাপড়ের গুদাম থেকে কর্মচারীর লাশ উদ্ধারের ঘটনায় দোকানের মালিকসহ ছয়জনকে আসামি করে মামলা হয়েছে। নিহত মো. উমর ফারুকের বাবা নুরুল আলম বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে নগরের কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় টেরিবাজারের কবির মার্কেটের দ্বিতীয় তলার একটি কাপড়ের গুদাম থেকে দোকান কর্মচারী উমর ফারুকের লাশ উদ্ধার করে পুলিশ।
গত বুধবার বিকেলে ফারুককে ৬১ হাজার টাকা পরিশোধের জন্য দোকান মালিক গিয়াস উদ্দিন ডেকে আনেন। কিন্তু টাকা দিতে না পারায় তাঁকে মার্কেটের দ্বিতীয় তলার একটি গুদামে আটকে রাখা হয়। কবির মার্কেটের জিএস ক্লথ স্টোরে চাকরি করতেন ফারুক।
গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের সামনে নিহত ব্যক্তির বাবা নুরুল আলম প্রথম আলোকে বলেন, তাঁর ছেলেকে গুদামের ভেতর আটকে রেখে নির্যাতন করে হত্যা করা হয়েছে। ছেলের হত্যাকারী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
এদিকে ময়নাতদন্ত শেষে গতকাল সন্ধ্যায় সাতকানিয়ার মাদার্শা গ্রামে ফারুকের লাশ দাফন করা হয়।
কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দিন বলেন, মামলার এজাহারভুক্ত ছয় আসামির মধ্যে দোকান মালিক গিয়াস উদ্দিন ও টেরিবাজার ব্যবসায়ী সমিতির আইনবিষয়ক সম্পাদক মাহাবুব আলমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।