দোকানদারকে পেটালেন ছাত্রলীগের কর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরি খাওয়া নিয়ে কথা-কাটাকাটির জের ধরে এক দোকানদারকে পিটিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক কর্মী। গতকাল শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের একটি দোকানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের খাবারের দোকান বাংলার স্বাদ কনফেকশনারিতে ডালপুরি খেতে যান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কর্মী এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৪২ ব্যাচের শিক্ষার্থী রবিউল ইসলাম। এ সময় পুরি ঠান্ডা কি না, তা দেখতে কয়েকটি পুরিতে চাপ দেন রবিউল। এতে পুরিগুলো ভেঙে যায়। তখন দোকানদার ইমাম হোসেন পুরিগুলো ভাঙতে নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে ইমামকে মারধর করেন রবিউল। আশপাশের দোকানদারেরা এগিয়ে এসে রবিউলকে থামান। এ ঘটনায় আতঙ্কিত হয়ে ইমাম পাশের একটি দোকানে আশ্রয় নেন।
এ বিষয়ে রবিউল ইসলাম বলেন, ‘আমি দেখছিলাম পুরিগুলো ঠান্ডা কি না। কিন্তু ইমাম আমাকে ধমকের সুরে বলে পুরি ভাঙবেন না। তাই ক্ষিপ্ত হয়ে আমি ওকে মারধর করেছি।’
দোকানদার ইমাম হোসেন বলেন, ‘পুরিগুলো নষ্ট করছিল। আমি নিষেধ করায় আমাকে তিনি মারধর করেন।’
এদিকে প্রধান ফটকের অন্য দোকানগুলোর মালিক ও দোকানদার পাঁচ-ছয়জনের সঙ্গে কথা বলে জানা যায়, মীর মশাররফ হোসেন হল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন হওয়ায় সেখানে ওই হলের ছাত্রদের উপস্থিতি সবচেয়ে বেশি। ওই হলের ছাত্রলীগের নেতা-কর্মীরা দিনভর প্রধান ফটকের খাবারের দোকানগুলোতেই আড্ডা দেন। এ সময় অনেক আবাসিক ছাত্র ও ছাত্রলীগের নেতা-কর্মীরা খাবারের দোকানগুলোতে প্রায়ই খাবার খেয়ে টাকা দেন না।
প্রক্টর তপন কুমার সাহা বলেন, ‘দোকানদারকে মারধরের অভিযোগ শুনে নিরাপত্তাকর্মীকে ঘটনাস্থলে পাঠিয়েছি। তাঁর কাছে লিখিত অভিযোগ দিতে বলেছি।’ ছাত্রলীগ নেতাদের বাকি খাওয়া প্রসঙ্গে তিনি বলেন, দোকানদাররা ওই হলের প্রাধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিলে প্রাধ্যক্ষ বকেয়া পরিশোধ না করা পর্যন্ত অভিযুক্তদের পরীক্ষার ফলাফল স্থগিত রাখতে পারেন।