দোকানপাট ও গাড়ি ভাঙচুর ছাত্রলীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-সংলগ্ন গেরুয়া বাজারে দোকানপাট ও গাড়ি ভাঙচুর করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। শহীদ রফিক-জব্বার হল শাখা ছাত্রলীগের এক কর্মীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রের হাতাহাতির জেরে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে এ ভাঙচুর চালানো হয়।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেলা ১১টার দিকে ছাত্রলীগের কর্মী ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ৪০তম ব্যাচের ছাত্র মো. নাহিদ হোসেন এক বন্ধুকে সঙ্গে নিয়ে বাজারের একটি খাবারের দোকানে নাশতা করছিলেন। এ সময় উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৩৭তম ব্যাচের প্রাক্তন ছাত্র রাসেল এসে নাহিদকে সরে বসতে বলেন। এতে অস্বীকৃতি জানান নাহিদ। এ নিয়ে নাহিদের সঙ্গে রাসেলের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। হলে ফিরে ছাত্রলীগের অন্য কর্মীদের ঘটনাটি জানান নাহিদ। এরপর রাসেলকে খুঁজতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক সজীব কুমার সাহা এবং বিতর্ক ও নাট্য-বিষয়ক সম্পাদক মো. মাজেদ সীমান্তের নেতৃত্বে ৩০-৪০ জন ছাত্রলীগ কর্মী গেরুয়া বাজারে যান। রাসেলকে না পেয়ে রড, লোহার পাইপ, স্ট্যাম্প দিয়ে ওই খাবারের দোকানসহ দুটি দোকান, একটি পিকআপ ও একটি কাভার্ড ভ্যান ভাঙচুর করেন তাঁরা। সেখান থেকে ছাত্রলীগের কর্মীরা বাজার-সংলগ্ন একটি মেসে গিয়ে রাসেলকে খুঁজে পান। সেখানে ছাত্রলীগ কর্মীরা তাঁকে মারধর করেন। এ সময় প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে রাসেলকে পুলিশের হাতে তুলে দেয় প্রক্টরিয়াল বডি।